Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনে বিজেপি কর্মী খুনে তৃণমূল নেতা সহ গ্রেপ্তার চার, সল্টলেকে বাড়িতে হামলার ঘটনায় ধৃত ৫

ভোট পরবর্তী অশান্তির জেরে মঙ্গলবার নিউটাউনে খুন হয়েছেন এক বিজেপি কর্মী। ওই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা সহ চারজনকে গ্রেপ্তার করল পুলিশ।

নিউটাউনে বিজেপি কর্মী খুনে  তৃণমূল নেতা সহ গ্রেপ্তার চার, সল্টলেকে বাড়িতে হামলার ঘটনায় ধৃত ৫
  • ৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভোট পরবর্তী অশান্তির জেরে মঙ্গলবার নিউটাউনে খুন হয়েছেন এক বিজেপি কর্মী। ওই ঘটনায় মূল অভিযুক্ত তৃণমূল নেতা সহ চারজনকে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গোটা এলাকায় থমথমে পরিবেশ। তবে, নতুন করে যাতে অশান্তি না ছড়ায়, তার জন্য পুলিশ পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে, সল্টলেকের দত্তাবাদে কাউন্সিলার সহ তৃণমূলের একাধিক কর্মীর বাড়িতে হামলা ও ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছিল। ওই ঘটনাতেও পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। ভোটের ফল ঘোষণার পর একাধিক জায়গায় হামলার ঘটনা ঘটেছে। তবে, মঙ্গলবার বিকালে উত্তেজনা চরমে ওঠে নিউটাউনের বালিগড়ি এলাকায়। সেখানে তৃণমূলের হাতে খুন হন বিজেপি কর্মী মধু মণ্ডল (৪৫)। অভিযোগ, তৃণমূল নেতা কমল মণ্ডল এবং তার অনুগামীরা ওই বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরেই অভিযুক্ত তৃণমূল নেতার বাড়িতে চড়াও হয় বিজেপি সমর্থকরা। বিক্ষোভ সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ওইদিন সন্ধ্যায় টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় অভিযুক্ত কমল সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, সোমবার রাতেই সল্টলেকের দত্তাবাদে তৃণমূলের একাধিক কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, বাড়িতে ভাঙচুর করে লুটপাট করা হয়েছে। তাতে অনেকেই আতঙ্কিত। বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার আলো দত্তের বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। তাঁর স্বামী নির্দল দত্ত কাউন্সিলার ছিলেন। হামলার ফলে দু’জনেই এখন ‘ঘরছাড়া’। এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিল তৃণমূল নেতৃত্ব। ঘটনার তদন্তে নেমে পুলিশ মঙ্গলবার রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করেছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ