সংবাদদাতা, কালিয়াচক: মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে কালিয়াচক থানার যদুপুর এলাকার তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি বকুল শেখকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। সোমবার গভীর রাতে যদুপুরের একটি গোপন ডেরা থেকে তাঁকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদে তাঁর নাম উঠে আসছিল বলে পুলিশ সূত্রে দাবি। অবশেষে নির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস ধরেই বকুলের গতিবিধির উপর নজর রাখা হচ্ছিল। তদন্তকারীদের দাবি, তাঁর প্রত্যক্ষ মদতেই যদুপুর ও সংলগ্ন এলাকায় একটি সক্রিয় মাদক চক্র গড়ে উঠেছিল। ওই চক্রের সদস্যরা আন্তঃরাজ্য মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি স্থানীয় স্তরেও মাদক সরবরাহ ও বিক্রির কাজ চালাত বলে তদন্তে উঠে এসেছে। সোমবার রাতে গোপন সূত্রে খবর পাওয়ার পর মোবাইল ট্র্যাকিংয়ের সাহায্যে বকুলের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের দাবি, ধৃতের বিরুদ্ধে মাদক কারবার ছাড়াও তোলাবাজি, ভয় দেখিয়ে প্রভাব বিস্তার, জমি দখল এবং এলাকায় সন্ত্রাস ছড়ানোর একাধিক অভিযোগ রয়েছে। পুলিশের অনুমান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে একটি বড় আর্থিক নেটওয়ার্ক গড়ে উঠেছিল, যার সঙ্গে আরও কয়েকজন প্রভাবশালী জড়িত থাকতে পারেন। সেই সূত্র ধরেই তদন্ত করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে মঙ্গলবার মালদহ জেলা আদালতে পেশ করা হলে বিচারক সাতদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন।



