Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

আমডাঙায় পরিবহণমন্ত্রীর বৈঠকে উপস্থিত প্রাক্তন তৃণমূল বিধায়ক

শনিবার আমডাঙা বিডিও অফিসে উন্নয়ন নিয়ে বৈঠক ছিল। এনিয়ে সকাল থেকে ছিল সাজ সাজ রব। সেই বৈঠকে পরিবহণমন্ত্রী অর্জুন সিং উপস্থিত ছিলেন।

আমডাঙায় পরিবহণমন্ত্রীর বৈঠকে উপস্থিত প্রাক্তন তৃণমূল বিধায়ক
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার আমডাঙা বিডিও অফিসে উন্নয়ন নিয়ে বৈঠক ছিল। এনিয়ে সকাল থেকে ছিল সাজ সাজ রব। সেই বৈঠকে পরিবহণমন্ত্রী অর্জুন সিং উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য বিষয় হল, উন্নয়ন সংক্রান্ত ওই বৈঠকে আমডাঙার প্রাক্তন বিধায়ক রফিকুর রহমানকে দেখা গেলেও বর্তমান বিধায়ক কাশেম সিদ্দিকি ছিলেন অনুপস্থিত। সূত্রের খবর, বৈঠকে আমন্ত্রণই জানানো হয়নি বর্তমান বিধায়ককে। এই ঘটনাকে কেন্দ্র করে আমডাঙায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। অনেকের প্রশ্ন,  তাহলে প্রাক্তন তৃণমূল বিধায়ক কি ‘ভালো তৃণমূল’ এর তালিকায় চলে এলেন? জানা গিয়েছে, জাতীয় সড়কের কাজ নিয়ে রফিকুরকে দায়িত্ব দিয়েছেন অর্জুন। জাতীয় সড়কের জন্য যাঁদের জায়গা গিয়েছে, তাঁদের ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার বিষয়টিও দেখভাল করবেন প্রাক্তন বিধায়ক।

Advertisement

এদিন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের নিয়ে আলোচনার কথা ছিল। কিন্তু সিংহভাগ জনপ্রতিনিধিই বৈঠকে উপস্থিত ছিলেন না। তারমধ্যেই বর্তমান বিধায়ককে আমন্ত্রণ না জানানো এবং প্রাক্তন বিধায়ককে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার বিষয়টি নতুন করে প্রশ্ন তুলেছে। অর্জুনের বক্তব্য, বৈঠকটি সম্পূর্ণ উন্নয়নমূলক। স্থানীয়দের প্রশ্ন, উন্নয়নের বৈঠকে এলাকার বর্তমান বিধায়ক নেই, প্রাক্তন বিধায়ককে দায়িত্ব দিয়ে সামনে আনা হচ্ছে, তার কারণ কী? ফলে আমডাঙায় রফিকুরের রাজনৈতিক ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলের অন্দরে এই ছবি কি নতুন কোনো সমীকরণের ইঙ্গিত, নাকি নিছক কাজের সুবিধার জন্যই রফিকুরকে দায়িত্ব? উত্তর খুঁজছে রাজনৈতিক মহল। এনিয়ে রফিকুর রহমান বলছেন, ‘ব্যক্তি অর্জুন সিংয়ের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক। উন্নয়ন নিয়ে বৈঠক হয়েছে। জাতীয় সড়কসহ এলাকায় বিভিন্ন উন্নয়নের কাজ নিয়ে আলোচনা হয়েছে।’ এনিয়ে বিধায়ক কাশেম সিদ্দিকি অবশ্য কোনো মন্তব্য করতে চাননি।

Advertisement
সম্পর্কিত সংবাদ