Bartaman Logo
২৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তারকেশ্বরের প্রাক্তন পুর চেয়ারম্যানকে জুতোর মালা পরিয়ে কান ধরে ওঠবোস

তারকেশ্বরে প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্তকে জুতোর মালা পরিয়ে কান ধরে ওঠবোস করানো হয়েছে। বিজেপির প্রতিবাদে এলাকায় ভিড় জমে। বিস্তারিত পড়ুন।

তারকেশ্বরের প্রাক্তন পুর চেয়ারম্যানকে জুতোর মালা পরিয়ে কান ধরে ওঠবোস
  • ২৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, তারকেশ্বর: রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতৃত্বকে ডিম ছোড়ার ঘটনা নতুন নয়। তারকেশ্বরে ডিম ছোড়ার পাশাপাশি গলায় জুতোর মালা পরিয়েও ঘোরানো হয়েছে। তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সামন্তকে লাঞ্ছনার সেই ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, আর্থিক নয়ছয় সহ একাধিক অভিযোগ রয়েছে। এই ভিডিয়োর সত্যতা অবশ্য যাচাই করেনি ‘বর্তমান’।

Advertisement

সোমবার স্বপন সামন্তর গলায় জুতোর মালা পরিয়ে এলাকা ঘোরায় বিজেপির কর্মী-সমর্থকরা। তারকেশ্বরের পদ্মপুকুর এলাকায় এই ঘটনা ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন পথচলতি মানুষ। জুতোর মালা পরিয়ে রাস্তা দিয়ে হাঁটানোর সময় নির্বিচারে চলে ‘ডিম থেরাপি’। এমনকি, রাস্তার মাঝে কান ধরে ওঠবোস করানো হয়। আশপাশ থেকে ‘চোর চোর’ স্লোগানও ওঠে। এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা ও পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের এই হাল দেখে ভিড় জমে যায় এলাকায়। ২০১০ সাল থেকে পরপর দু’বার তারকেশ্বর পুরসভার চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। উল্লেখ্য, রবিবার তারকেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় টাউন তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন সহ সভাপতি জহর করকে একইভাবে জুতো হাতে নিয়ে এলাকায় ঘোরানো হয়। তাঁকে লক্ষ্য করেও বেশ কিছু ডিম ছোড়া হয়েছে। সেই ভিডিয়োও ভাইরাল হয়েছে। 
অন্যদিকে, তারকেশ্বর বিধানসভার প্রাক্তন বিধায়ক রামেন্দু সিংহ রায়কে কর্ণাটক থেকে গ্রেপ্তার করে রবিবার রাতে ধনেখালিতে নিয়ে আসে পুলিশ। সরকারি ত্রাণসামগ্রী মজুত করা সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয় তাঁকে। ধনেখালি থানায় ঢোকানোর সময় এবং সোমবার থানা থেকে চুঁচুড়া আদালতে নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় অভিযোগ। বিজেপি কর্মী-সমর্থকরা ‘চোর চোর’ স্লোগান তুলে বিক্ষোভ দেখায় সেই সময়। এখন ‘ডিম থেরাপি’র আতঙ্কে দিন কাটাচ্ছেন তৃণমূলের নেতারা।

Advertisement
সম্পর্কিত সংবাদ