নিজস্ব প্রতিনিধি, বরানগর: অভয়া মামলায় জেল হেপাজত হলেও তোলাবাজি মামলায় পুলিশ হেপাজত হল পানিহাটির প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে’র। সোমবার তাঁকে বারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন। ফলে আগামী সাত দিন ফের তাঁকে খড়দহ থানার লকআপে কাটাতে হবে। সরকারি আইনজীবী যদুনাথ ঘোষ বলেন, সোমনাথ দে’র কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। অভয়া মামলায় তার জেল হেপাজত হলেও তোলাবাজির অভিযোগে সাত দিনের পুলিশ হেপাজত হয়েছে। প্রসঙ্গত, বুধবার বেঙ্গালুরু থেকে পানিহাটির প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে’কে গ্রেপ্তার করা হয়েছিল। অভয়ার দেহ তড়িঘড়ি দাহ করার অভিযোগে শুক্রবার বারাকপুর মহকুমা আদালতের বিচারক তাকে তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছিলেন। এবার তোলাবাজি কেসে ফের পুলিশ হেপাজত হয়েছে। পশ্চিম পানশিলার প্রোমোটার কাঞ্চন চক্রবর্তীর অভিযোগ করেছিলেন তাঁর প্রোজেক্টের কাজের জন্য সোমনাথবাবু পাঁচ লক্ষ টাকা তোলা চেয়েছিল। ২ লক্ষ টাকা কম দেওয়ায় হামলা করা হয়, আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেওয়া হয়। অন্যদিকে, এদিন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ ও তীর্থঙ্কর ঘোষকে ফের আদালতে তোলা হয়েছিল।



