Bartaman Logo
২৮ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রাক্তন বিধায়ক সহ পানিহাটি স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে থানায় বিদ্যুৎ চুরির অভিযোগ, চাঞ্চল্য

প্রাচীন ও ঐতিহ্যবাহী পানিহাটি স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ উঠল। সিইএসসি ওই ক্লাবের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি খড়দহ থানায় বিদ্যুৎ চুরির লিখিত অভিযোগ দায়ের করেছে।

প্রাক্তন বিধায়ক সহ পানিহাটি স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে থানায় বিদ্যুৎ চুরির অভিযোগ, চাঞ্চল্য
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, বরানগর: প্রাচীন ও ঐতিহ্যবাহী পানিহাটি স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ উঠল। সিইএসসি ওই ক্লাবের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি খড়দহ থানায় বিদ্যুৎ চুরির লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে পানিহাটি জুড়ে তোলপাড় শুরু হয়েছে। পানিহাটি স্পোর্টিং ক্লাব বহু বিখ্যাত ফুটবলার তৈরি করেছে। ফুটবল, ক্রিকেট, সাঁতার সহ বহু ক্রীড়াবিদ উঠে এসেছে এই ক্লাবের হাত ধরে। এহেন ক্লাবের বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ কেন উঠল, দায় কার তা নিয়ে ক্লাবের অন্দরেও বিতর্কের ঝড় উঠেছে। কয়েক দশক ধরে এই ক্লাবের সভাপতি প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। যদিও ক্লাব কর্তৃপক্ষ সমস্ত দায় নির্বাচন কমিশনের ঘাড়ে ঠেলেছে। তাঁদের দাবি, ভোটের কারণে রিকিউজিশন দিয়ে নির্বাচন কমিশন মাঠ ও ক্লাবঘর নিয়েছিল। ওই বেআইনি লাইন তাদের ইলেকট্রিশিয়ান করেছে। এতে ক্লাবের কোনো ভূমিকা নেই। পানিহাটি পুরসভার ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই ক্লাব ১২৮ বছরের পুরানো। ১৮৯৮ সালে পানিহাটি ফ্রেন্ডস ফুটবল ক্লাব নামে এটি প্রতিষ্ঠিত হয়। ১৯১৭ সালে নাম বদলে পানিহাটি স্পোর্টিং ক্লাব হয়। সনৎ শেঠ, স্বরাজ ঘোষের মতো বহু বিখ্যাত ফুটবলার এই ক্লাবেই খেলা শুরু করেছিলেন। গত রবিবার দুপুরে সিইএসসির আধিকারিকরা আচমকা ক্লাবে হানা দেন। তাঁরা দেখেন, ক্লাবের নিজস্ব মিটারের পাশাপাশি হুক করে বিদ্যুৎ সংযোগ নেওয়া হয়েছে। তাতে বড়ো বড়ো হ্যালোজেন ও মেটাল লাইট ছাড়াও এসি মেশিন চালানো হচ্ছে। এরপর সিইএসসির কর্মীরা বিদ্যুতের লাইন বিছিন্ন করে দেন। ওইদিন খড়দহ থানায় ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে বিদ্যুৎ চুরির অভিযোগ দায়ের করা হয়। ঘটনা প্রকাশ্যে আসতেই পানিহাটি জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দা শুভেন্দু মণ্ডল বলেন, বহু বছর ধরে বিদ্যুৎ চুরি করে আলো, পাখা, এসি চালানো হচ্ছে ক্লাবে। এমনকি, মাঠেও বহু আলো লাগানো রয়েছে।

Advertisement

ক্লাবের সভাপতি নির্মল ঘোষ বলেন, আমি ২৫-৩০ বছরের উপর এই ক্লাবের সঙ্গে যুক্ত। ক্লাবের নিজস্ব বিদ্যুতের লাইন রয়েছে। তবে ভোটের আগে নির্বাচন কমিশন রিকিউজিশন দিয়ে ক্লাবঘর ও মাঠ নিয়েছিল। মাঠে তারা প্রচুর আলো লাগিয়েছিল। তাদের ইলেকট্রিশিয়ান স্ট্রিট লাইটের লাইন থেকে ইলেকট্রিক কানেকশন নিয়েছিলেন। সেসব এখনও তাঁরা খোলেননি। ক্লাব কর্তৃপক্ষকে ওই সমস্ত কাগজ সিইএসসি’র কাছে জমা দিতে বলেছি। অভিযোগ ভিত্তিহীন।

সম্পর্কিত সংবাদ