নিজস্ব প্রতিনিধি, বারাসত: জামিন পেলেন সরকারি ত্রাণসামগ্রী মজুত রাখার অভিযোগে ধৃত গোবরডাঙা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত। বৃহস্পতিবার বারাসত আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশে জামিন পান তিনি। এরপর চিকিৎসার জন্য মধ্যমগ্রামের বাড়িতে রয়েছেন অশীতিপর সুভাষবাবু। জানা গিয়েছে, সুভাষের বাড়ির গ্যারাজে সরকারি ত্রাণের সামগ্রী মজুত ছিল। তা ফেরত দেওয়ার জন্য পুরসভার হেড ক্লার্ককে জানিয়েছিলেন প্রাক্তন চেয়ারম্যান। পুরসভার তরফে সেগুলি আর ফিরিয়ে নেওয়া হয়নি বলে পরিবারের দাবি। বাড়িতে সরকারি ত্রাণসামগ্রী মজুত থাকার বিষয়টি সামনে আসার পর সম্প্রতি বিজেপি কর্মীরা সেখানে বিক্ষোভ দেখান। অভিযোগের ভিত্তিতে ২৫ আগস্ট সুভাষ দত্তকে গ্রেপ্তার করে গোবরডাঙা থানার পুলিশ। আদালত তাঁকে চারদিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছিল।


