মুম্বই: গাড়িতে করে গুজরাতের ভদোদরা থেকে মুম্বইতে মাদক পাচারের চেষ্টা। শাগরেদ সহ গ্রেপ্তার প্রাক্তন বিমান সেবিকা। ধৃতদের কাছ থেকে ৩০ লক্ষ টাকা মূল্যের মাদক উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবার গোপন সূত্রে সুরাত ক্রাইম ব্রাঞ্চ ওই মাদক পাচারের কথা জানতে পারে। সেই মতোই দিল্লি-মুম্বই হাইওয়ে থেকে ওই গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। মেলে ৯৭৭ গ্রাম এমডি (মেফেড্রোন) মাদক।
পুলিশ সূত্রে খবর, ধৃত মানসী সৈয়দ (৪১) ও সোহেল সুলেমন শেখ মুম্বইয়ের সান্তাক্রজের বাসিন্দা। জেরায় অভিযুক্তরা জানিয়েছেন, ভদোদরা স্টেশনের কাছে এক মহিলা তাঁদের ওই বিপুল মাদক দিয়েছিল। সেগুলি মুম্বই নিয়ে গিয়ে ছোটো ছোটো প্যাকেটে করে বিক্রি করার পরিকল্পনা ছিল ধৃতদের। মাদক পাচার নেটওয়ার্কের সঙ্গে জড়িতদের অন্যান্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জানা গিয়েছে, ২০১৫ সাল থেকে মাদক পাচারের সঙ্গে যুক্ত ওই প্রাক্তন বিমানসেবিকা। ২০২১ সালে মধ্যপ্রদেশের ইন্দোরে ১০০ গ্রাম মাদক সহ ধরা পড়েছিলেন তিনি। সেই মামলায় ৪ বছর জেলও হয়েছিল তাঁর।