নয়াদিল্লি: লোকসভার বিরোধী দলনেতার সঙ্গে ২৬/১১ মুম্বই হামলার জঙ্গি আজমল কাসবের তুলনা! রাহুল গান্ধীর ছবি ব্যবহার করে কুত্সার অভিযোগ উঠল বায়ুসেনার এক অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট অনুপ ভার্মার বিরুদ্ধে। বাঁদিকে রাহুল ও ডানদিকে একে-৪৭ হাতে কাসবের ছবি পোস্ট করে এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘আমি জোর দিয়ে বলতে পারি, বাঁদিকের ব্যক্তিটি ভারতের জন্য অনেক বেশি বিপজ্জনক।’ বিষয়টি ‘ভাইরাল’ হতেই ব্যাপক বিতর্ক ছড়ায়। কংগ্রেস সেবাদলের তরফে ইতিমধ্যেই অনুপের বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের হয়েছে। সেবা দলের তরফে বলা হয়েছে, সাংবিধানিক পদমর্যাদাকে হেয় করা কিংবা গণতান্ত্রিক ভিন্নমতকে সন্ত্রাসবাদের সঙ্গে তুলে ধরার বিরুদ্ধে তারা প্রতিশ্রুতিবদ্ধ। কোনো ব্যক্তিই আইনের ঊর্ধ্বে নয়।



