Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বৃক্ষরোপণে ডিভিসি, ইসিএল সহ ৬ সংস্থার সঙ্গে মউ বনদপ্তরের

বনদপ্তর ৬টি সংস্থার সঙ্গে বৃক্ষরোপণের চুক্তি করেছে। ১০ কোটি গাছ লাগানোর উদ্যোগে রাজ্যজুড়ে সবুজায়নকে উৎসাহিত করছে। বিস্তারিত পড়ুন।

বৃক্ষরোপণে ডিভিসি, ইসিএল সহ ৬ সংস্থার সঙ্গে মউ বনদপ্তরের
  • ১৮ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাঁকুড়া, মেদিনীপুরের জঙ্গলমহল থেকে উত্তরে ডুয়ার্স। মাঝখানে অপরূপ সুন্দরবন। সবুজ কমছে। তাই দূষিত হচ্ছে পরিবেশ। দূষণমুক্ত এবং পরিবেশবান্ধব বাংলা গড়তে রাজ্যজুড়ে ১০ কোটি গাছ লাগানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে শুধু বনদপ্তরই নয়। বৃক্ষরোপণের জন্য ৬টি সংস্থার সঙ্গে বনদপ্তরের মউ স্বাক্ষরিত হয়েছে। তাতে জঙ্গলমহল, খনি অঞ্চল, উপকূল থেকে শহরাঞ্চল। সর্বত্রই চারাগাছ বসানোর চুক্তি হয়েছে। বনদপ্তরের দাবি, অরণ্য বৃদ্ধিই মূল উদ্দেশ্য। তাই সবুজ বাড়ানোর জন্য এই নতুন উদ্যোগ। 

Advertisement

৫ জুন পরিবেশ দিবসের দিন ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ জুলাই এ রাজ্যে অরণ্য সপ্তাহের সূচনা হয়। সল্টলেকের বনবিতানে সেই অনুষ্ঠানের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী এই বর্ষে ১০ কোটি চারাগাছ বসানোর বার্তা দিয়েছেন। একেবারে পঞ্চায়েতস্তর থেকে তিনি সকলকে আহ্বান করেছেন। শুধু গাছ লাগানোই নয়। বৃক্ষরোপণের পর যাতে ৩ বছর মনিটারিং করা হয়, সেই বার্তাও দিয়েছেন তিনি। অরণ্য সপ্তাহকে সামনে রেখেই রাজ্য বনদপ্তর কর্তৃপক্ষের সঙ্গে দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি), ইস্টার্ন কোল্ডফিল্ড লিমিটেড (ইসিএল), কলকাতার শ্যামপ্রসাদ মুখার্জী পোর্ট, ইন্ডিয়ান অয়েল, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (এসবিআই) এবং পঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) কর্তৃপক্ষের মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই চুক্তি অনুযায়ী, বাঁকুড়া, পুরুলিয়া সহ ৭৯ হেক্টর জমিতে ১ লক্ষ বৃক্ষরোপণ করবে ডিভিসি। পশ্চিম বর্ধমানের ৯০ হেক্টর খনি অঞ্চলে ১ লক্ষ বৃক্ষরোপণ করবে ইসিএল। শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ৬ লক্ষ চারাগাছ লাগাবে। পূর্ব মেদিনীপুরের ১৫০ হেক্টর জমিতে ২১ লক্ষ ম্যানগ্রোভের চারা লাগাবে ইন্ডিয়ান অয়েল। সেই সঙ্গে এসবিআই রাজ্যজুড়ে ৫০ হাজার গাছ লাগাবে এবং দুর্গাপুরে ১০ হাজার বৃক্ষরোপণ করবে পিএনবি। সবুজায়নের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে পরিবেশপ্রেমীরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ