নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শীত শেষে প্রাকৃতিক নিয়মেই গাছের পাতা ঝরতে শুরু করেছে। শুকনো পাতায় আগুন লাগলে তা নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়ে। বীরভূম জেলাতেও একাধিক সময় জঙ্গলে আগুন লেগেছে। মঙ্গলবার মহম্মদবাজার রেঞ্জ এলাকায় জঙ্গলে আগুন লেগেছিল। এবার অগ্নিকাণ্ডের মোকাবিলায় বনদপ্তর সতর্ক হচ্ছে। দিন-রাত বনাঞ্চলে নজরদারির জন্য ফায়ার ওয়াচার টিমের সদস্যদের কাজে লাগানো হয়েছে। সেইসঙ্গে জঙ্গল এলাকায় স্যাটেলাইটের মাধ্যমেও নজরদারি চলছে। এছাড়াও গোটা জেলাজুড়ে ‘হটস্পট’ চিহ্নিতকরণের কাজও চলছে।
বনদপ্তরের বীরভূম ডিভিশনের ডিএফও রাহুল কুমার বলেন, আগুন মোকাবিলায় ফায়ার ওয়াচার টিম কাজ করছে। সেইসঙ্গে বনকর্মীরাও নজর রাখছেন। সেইসঙ্গে আমরা হটস্পট চিহ্নিতকরণের কাজও করছি। এলাকায় বাড়তি নজর রাখা হচ্ছে।
শীত শেষ হতেই গরমের দাপট বাড়তে শুরু করেছে। যদিও এখনও সেভাবে বৃষ্টির দেখা নেই। বনাঞ্চলগুলিতে প্রাকৃতিক নিয়মে পাতা ঝরে শুকিয়ে রয়েছে। এই পরিস্থিতিতে কোনও কারণে আগুনের ফুলকি শুকনো পাতায় পড়লে তা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। গাছপালার ক্ষতি হয়। পশু-পাখিরাও ক্ষতির মুখে পড়ে। গত মঙ্গলবার মহম্মদবাজার রেঞ্জের অধীন গনপুর এলাকায় জঙ্গলে আগুন লাগে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনার অধিকাংশই ‘ম্যান-মেড’। সেক্ষেত্রে বনকর্মীদের পাশাপাশি বনাঞ্চলের সুরক্ষার জন্য ফায়ার ওয়াচার টিমকে কাজে লাগানো হয়েছে। বিশেষ টিমে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটির প্রায় ৪৫জন সদস্য রয়েছেন। তাঁরা দিনের বিভিন্ন সময় বনাঞ্চলগুলিতে নজরদারি চালাচ্ছেন। কোনও অপ্রীতিকর ঘটনা নজরে এলেও দ্রুত স্থানীয় রেঞ্জারদের কাছে খবর পৌঁছে দেওয়াই তাঁদের মূল কাজ। সেইসঙ্গে বনাঞ্চলে কোনওভাবে যাতে অগ্নিকাণ্ডের ঘটনা না ঘটতে পারে সেদিকেও তাঁরা নজর রেখে চলেছেন। ফায়ার ওয়াচার টিমের পাশাপাশি বনাঞ্চলের সুরক্ষায় প্রযুক্তিও কাজে লাগানো হচ্ছে। স্যাটেলাইটের মাধ্যমে নজরদারি চালানো হয়। ফরেস্ট সার্ভে অব ইন্ডিয়ার মাধ্যমেও সেই নজরদারি চলে। কোথাও আগুন লাগলে অরণ্য ভবন থেকে সংশ্লিষ্ট বনবিভাগের কর্তারা সেই তথ্য দ্রুত জানতে পারেন। বনকর্তাদের কথায়, পৃথক দু’টি পদ্ধতিতে বনাঞ্চলে নজরদারি চালানোর পাশাপাশি লোকালয় সংলগ্ন এলাকায় সচেতনতা বৃদ্ধির কাজেও জোর দেওয়া হয়েছে। অগ্নিকাণ্ড রুখতে জঙ্গল এলাকায় ধূমপান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ড ঘটলে পরিবেশে কী ধরণের ক্ষতির আশঙ্কা থাকে সেসব নিয়েও সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। বনকর্তাদের আশা, সাধারণ মানুষ সচেতন হলে বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবিলা অনেকটাই সহজ হবে।
মহম্মদবাজার রেঞ্জ এলাকায় জঙ্গলে আগুন। -নিজস্ব চিত্র