Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বনদপ্তরের কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা, অক্টোবর থেকে কার্যকর

বনদপ্তরের কর্মীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বনদপ্তরের কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা, অক্টোবর থেকে কার্যকর
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বনদপ্তরের কর্মীদের সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার ‘সবুজ স্বাধীনতা’ শীর্ষক কর্মসূচিতে যোগ দিয়ে বনদপ্তরের বিভিন্ন বিভাগের কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন। এদিন মোহরকুঞ্জে বনদপ্তরের তরফে আয়োজিত  অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ফরেস্ট রেঞ্জার রয়েছেন ৫০০ জন। তাঁদের মাসিক বেতন পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও বিট অফিসার রয়েছেন ৫০০ জন। তাঁদেরও মাসিক বেতন পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি ফরেস্ট গার্ড রয়েছেন ৬৫০ জন। তাঁদের মাসিক বেতন পাঁচ হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী এটাও ঘোষণা করেছেন, বন সহায়করা মাসে পেতেন ১০ হাজার টাকা। তাঁদের দু’হাজার টাকা বৃদ্ধি করা হচ্ছে। সবার বেতন বৃদ্ধি কার্যকর হবে আগামী অক্টোবর মাস থেকে। 

Advertisement

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার খুশির হাওয়া বন বিভাগে। প্রায় ১৫০০ জন বন সহায়ক ও বিভিন্ন অফিসারদের বেতন বৃদ্ধির ঘোষণায় বনমন্ত্রী মনোজ ওঁরাও বলেন, বাংলায় মাত্র ১০০ দিন হল বিজেপি সরকার। কিন্তু এই কদিনের মধ্যে মুখ্যমন্ত্রী যুগান্তকারী পদক্ষেপ নিলেন।  এদিন যেখানে অনুষ্ঠান হয়েছে, সেই জায়গাটি মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্র ভবানীপুর। মুখ্যমন্ত্রী নিজে একটি নারকেল গাছ রোপণ করেছেন। তাঁর বিধানসভা কেন্দ্রে একদিনে ৫০ হাজার গাছ রোপণ করা হয়েছে। এছাড়াও ‘সবুজ স্বাধীনতা’ শীর্ষক কর্মসূচিতে রাজ্যব্যপী একদিনে ৫০ লক্ষ গাছ রোপণ করা হয়েছে। এবছরে ১০ কোটি আর আগামী বছর ২০ কোটি গাছ রাজ্যজুড়ে লাগানো হবে বলে ঘোষণা করেছেন বনমন্ত্রী। 
মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, গাছ লাগিয়ে শুধু ছবি তুললেই হবে না। যে গাছটি লাগানো হচ্ছে, তার রক্ষণাবেক্ষণ করতে হবে কমপক্ষে দু থেকে তিন বছর। কংক্রিকেট জঙ্গল থেকে সিটি অব জয় কলকাতার ফুসফুস বাঁচাতে হবে। আরও বেশি করে গাছ লাগাতে হবে এবং তার পরিচর্যা করতে হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ সহ বিভিন্ন দপ্তরের সচিব, বিধায়ক, প্রশাসনিক আধিকারিক ও সমাজের বিশিষ্টরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ