


নিজস্ব প্রতিনিধি, হাওড়া: নতুন রাস্তা তৈরির কাজ এখনও শেষ হয়নি। অথচ তার আগেই জায়গায় জায়গায় উঠে যাচ্ছে কংক্রিটের ব্লক, কোথাও আবার ভারী যানবাহনের চাপে বসে যাচ্ছে রাস্তার মাঝখানের অংশ। এমনই বেহাল চিত্র দেখা যাচ্ছে হাওড়া শহরের ফোরশোর রোডে। একই পরিস্থিতি তৈরি হয়েছে ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন শৈলেন মান্না সরণিতেও। যে রাস্তাগুলি দিয়ে প্রতিদিন অসংখ্য বাস, ট্রাক, লরি ও ডাম্পার চলাচল করে, সেখানে কংক্রিট ঢালাইয়ের পরিবর্তে কংক্রিটের ব্লক বসানোর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নিত্যযাত্রী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা।
রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের উদ্যোগে হাওড়া শহরের একাধিক রাস্তা সংস্কারের দায়িত্ব পেয়েছে কেএমডিএ। হাওড়া পুরসভা সূত্রে জানা গিয়েছে, শহরের মোট ন’টি গুরুত্বপূর্ণ রাস্তা— ফোরশোর রোড, টিকিয়াপাড়া ইস্ট-ওয়েস্ট বাইপাস, নরসিংহ দত্ত রোড, বেলিলিয়াস রোড, পঞ্চাননতলা রোড সহ বেশ কয়েকটি রাস্তা নতুন করে তৈরি করা হচ্ছে। পুরানো পিচের আস্তরণ তুলে তার জায়গায় বসানো হচ্ছে কংক্রিটের ব্লক। গত বছরের শেষ দিক থেকেই ফোরশোর রোডের দক্ষিণমুখী লেনে কাজ শুরু হয়। বর্তমানে কাজিপাড়া মোড়ের আগে পর্যন্ত কিছু অংশে কাজ এখনও বাকি। কিন্তু তার আগেই প্রকট হয়েছে রাস্তার বেহাল দশা। শিবপুর শ্মশানঘাটের মোড়ের কিছুটা আগে কলকাতাগামী লেনে দু’-তিনটি জায়গায় রাস্তা বসে গিয়েছে। আবার কোথাও কংক্রিটের ব্লক উপড়ে গিয়ে নীচের মাটিও বেরিয়ে পড়েছে। কাজ শেষ হওয়ার আগেই রাস্তার এমন হাল হওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
স্থানীয় ব্যবসায়ী ও নিত্যযাত্রীদের অভিযোগ, এই রাস্তা দিয়ে নিয়মিত দূরপাল্লার বাস, ট্রাক, লরি এবং ডাম্পারের মতো ভারী যানবাহন চলাচল করে। অতিরিক্ত চাপের জেরেই রাস্তার বিভিন্ন অংশ বসে যাচ্ছে। উপরন্তু, উপড়ে যাওয়া কংক্রিটের ব্লকের কারণে দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছে। ইতিমধ্যেই বাইকের চাকা পিছলে দু’-একটি ছোটোখাটো দুর্ঘটনা ঘটেছে এই রাস্তায়। একই চিত্র শৈলেন মান্না সরণির বেলেপোলগামী লেনে। ভারী যানবাহনের চাপে রাস্তার বিভিন্ন অংশ ঢেউ খেলানো হয়ে পড়েছে। বাসিন্দাদের আশঙ্কা, সন্ধ্যা হতেই শৈলেন মান্না সরণিতে পণ্যবাহী ভারী লরি চলাচল শুরু করে। গত কয়েক মাসে বিভিন্ন অংশে ভয়ংকরভাবে রাস্তা বসে গিয়েছে। বর্ষা নামলেই সেখানে জল জমে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। হাওড়া পুরসভার এক কর্তার কথায়, শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের আগে কেএমডিএ পুরসভার সঙ্গে কোনো বৈঠক করেনি। তাঁর দাবি, পিচের রাস্তার তুলনায় কংক্রিটের ব্লক দীর্ঘস্থায়ী হলেও যে সব রাস্তায় নিয়মিত ভারী যানবাহন চলে, সেখানে এই ধরনের ব্লক কতটা টেকসই হবে, তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই কেএমডিএকে বৈঠকে বসার জন্য অনুরোধ জানিয়েছে হাওড়া পুরসভা। নিজস্ব চিত্র