Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

২৯ তারিখ দ্বিতীয় দফা ভোটগ্রহণের সময় দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার চড়া গরমের মধ্যেই কাটল রাজ্যে প্রথম দফার ভোট। তবে আগামী ২৯ এপ্রিল বুধবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের যেসব জেলায় যখন দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলবে তখন বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।

২৯ তারিখ দ্বিতীয় দফা ভোটগ্রহণের  সময় দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস
  • ২৪ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বৃহস্পতিবার চড়া গরমের মধ্যেই কাটল রাজ্যে প্রথম দফার ভোট। তবে আগামী ২৯ এপ্রিল বুধবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের যেসব জেলায় যখন দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলবে তখন বজ্রগর্ভ মেঘ থেকে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার থেকে বুধবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শনিবারও কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, শনিবার থেকে বুধবার পর্যন্ত (২৫-২৯ এপ্রিল) সময়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দু-তিন দফায় জোরালো মাত্রায় ঝড়বৃষ্টি হতে পারে। তাছাড়া এইসময়ে কম মাত্রায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত রবি ও সোমবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বেশি মাত্রায় ঝড়বৃষ্টির ‘কমলা’ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করার দরুন বিভিন্ন জায়গায় শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে। ঝড়বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। 

Advertisement

ঝড়বৃষ্টি হলে গরম থেকে সাময়িক স্বস্তি মেলে।  তাপমাত্রা অনেকটা কমে যায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী দু-তিনদিন তাপমাত্রার বিশেষ একটা হেরফের হবে না। তারপর আগামী চারদিনের মধ্যে তাপমাত্রা পর্যায়ক্রমে ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমবে। বৃহস্পতিবারও পশ্চিমাঞ্চলের কয়েকটি জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির আশপাশে ছিল। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ১ ডিগ্রি বেশি। 
আজ শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের কোথাও আর তাপপ্রবাহের সতর্কবার্তা দেয়নি আবহাওয়া দপ্তর। তবে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান ও পুরুলিয়া জেলায় আজ অস্বস্তিকর গরম (হট অ্যান্ড হিউমিড) থাকবে বলে জানানো হয়েছে। আগামীকাল শনিবার বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায় হট অ্যান্ড হিউমিড পরিস্থিতি থাকবে। তারপর থেকে আর আপাতত দক্ষিণবঙ্গের কোথাও অস্বস্তিকর গরমের পূর্বাভাস দেয়নি আবহাওয়া দপ্তর। শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলসহ কোনো কোনো জেলায় বজ্রগর্ভ মেঘ থেকে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার ঝড়বৃষ্টির ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে, পশ্চিমাঞ্চলের জেলাগুলি ছাড়াও পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও নদীয়ার জন্য। সোমবার এই জেলাগুলির সঙ্গে উত্তর ২৪ পরগনা জেলায় ‘কমলা’ সতর্কতা থাকছে। উত্তরবঙ্গেও ওইসময় পাহাড় ও লাগোয়া জেলাগুলি ছাড়াও দুই দিনাজপুরে ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে পাহাড় ও লাগোয়া এলাকায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৫০-৬০ কিমি হওয়ার সম্ভাবনা থাকলে ‘কমলা’ সতর্কতা দেওয়া হয়। এর পরের দু-তিনদিনের জন্য আপাতত ‘হলুদ’ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এতে বৃষ্টির সঙ্গে ঝড়ের গতিবেগ ঘণ্টায় ৩০-৫০ কিমি হতে পারে।

সম্পর্কিত সংবাদ