নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল লাগোয়া উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ। এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবারও এসব অঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়। আজ, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কলকাতা ও সংলগ্ন অঞ্চলে বেশি বৃষ্টি হতে পারে। ২৪ ঘণ্টায় শহরে ৭০ থেকে ২০০ মিমি পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস। কলকাতার থেকেও বেশি বৃষ্টি হতে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলে। আজ বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় মাত্রাতিরিক্ত বৃষ্টির ‘লাল সতর্কতা’ জারি করা হয়েছে। এছাড়া হুগলি, পূর্ব বর্ধমান জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’ থাকছে। শুক্রবার থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে ওই দিন পুরুলিয়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির ‘কমলা সতর্কতা’ থাকছে। এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের দামোদর অববাহিকা অঞ্চলে কতটা বৃষ্টি হয়, তা নিয়ে আবহাওয়াবিদরা কিছুটা চিন্তায় আছেন। কারণ, এরকম পরিস্থিতিতে ডিভিসির বিভিন্ন বাঁধ থেকে বেশি পরিমাণে জল ছাড়তে হয়। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতির আশঙ্কা থাকে। স্থলভাগে ঢোকার পর নিম্নচাপটির গতিপ্রকৃতির উপর নির্ভর করছে কোথায় কতটা বৃষ্টি বেশি হবে। আবহাওয়া অধিকর্তা জানিয়েছেন, রাজ্যের উপকূল এলাকার মৎস্যজীবীদের শনিবার পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।



