Bartaman Logo
১৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জবরদস্তি জমি দখল: শান্তনু, সোনা পাপ্পুর জেল হেপাজত

জোর করে জমি দখল মামলায় ধৃত কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার প্রাক্তন অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের জেলে ‘লাইফ থ্রেট’ রয়েছে! তাই জেলে ‘গ্রেড ওয়ান বন্দি’র মর্যাদা দেওয়া হোক।

জবরদস্তি জমি দখল: শান্তনু,  সোনা পাপ্পুর জেল হেপাজত
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: জোর করে জমি দখল মামলায় ধৃত কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার প্রাক্তন অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের জেলে ‘লাইফ থ্রেট’ রয়েছে! তাই জেলে ‘গ্রেড ওয়ান বন্দি’র মর্যাদা দেওয়া হোক। শান্তনুর মামলার সওয়ালে এই দাবি করলেন তাঁর আইনজীবী। ইডির তরফে তাঁকে জেল হেপাজতে পাঠানোর আবেদন করা হয়। সওয়াল শেষে শান্তনুকে সোমবার পর্যন্ত জেল হেপাজতে পাঠায় ব্যাঙ্কশাল আদালত। আগামী সোমবার ইডির বিশেষ আদালতে তাঁর গ্রেড ওয়ান বন্দির মর্যাদা সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা। ১৪ দিনের ইডি হেপাজত শেষে বৃহস্পতিবার শান্তনুকে আদালতে হাজির করানো হয়। সেখানে ইডির আইনজীবী বলেন, শান্তনু সিনহা বিশ্বাস ‘প্রভাবশালী’ ব্যক্তি। তাঁকে জামিন দেওয়া হলে তথ্য-প্রমাণ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। একইসঙ্গে এই মামলায় আরো একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ বাকি রয়েছে। শান্তনুর মোবাইল এখনো পাওয়া যায়নি। তাই তাঁকে জেল হেপাজতে পাঠানোর আবেদন করা হয়।

Advertisement

শান্তনুর আইনজীবীরা বলেন, জেলে তাঁদের মক্কেলের লাইফ থ্রেট রয়েছে। তিনি একজন প্রাক্তন পুলিশ অফিসার। তিনি বহু মামলার তদন্ত করেছেন। তাঁর হাতে গ্রেপ্তার হওয়া বহু অপরাধী জেলে রয়েছে। তাই সাধারণ বন্দি হিসাবে তাঁর লাইফ থ্রেট আছে। তাই গ্রেড ওয়ান বন্দির মর্যাদা দেওয়া হোক তাঁকে। তখন ইডির আইনজীবী বলেন, শান্তনুকে গ্রেড ওয়ান বন্দির মর্যাদা দেওয়া হবে কি না, তা আদালত বিবেচনা করবে। তাঁর সুরক্ষা নিয়ে ইডি চিন্তিত। তবে তাঁর আইনজীবী যা দাবি করছেন, সেগুলি তাঁদের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। 
অন্যদিকে, হেপাজত শেষে সোনা পাপ্পুকে এদিন আদালতে আনা হয়। তাঁকে জেল হেপাজতে পাঠানোর আবেদন জানান পাপ্পুর আইনজীবী। সওয়াল শেষে দুজনকে সোমবার পর্যন্ত জেল হেপাজতে পাঠাল আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ