Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

এবারের বাজেট উত্তরের বাসিন্দাদের কাছে চাঁদের পাহাড়: শংকর

এবারের বাজেট উত্তরবঙ্গের মানুষের কাছে চাঁদের পাহাড়। সোশ্যাল মিডিয়ায় লিখলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

এবারের বাজেট উত্তরের বাসিন্দাদের কাছে চাঁদের পাহাড়: শংকর
  • ২৪ জুন, ২০২৬ ১৮:৪৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: এবারের বাজেট উত্তরবঙ্গের মানুষের কাছে চাঁদের পাহাড়। সোশ্যাল মিডিয়ায় লিখলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। তিনি লিখেছেন, ‘আমাদের সরকারের প্রথম বাজেট উত্তরবঙ্গের মানুষের জন্য এক সব পেয়েছির আসরে পরিণত হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও কর্মসংস্থানের বিষয়ে উত্তরবঙ্গ ও শিলিগুড়ির নাম বারবার উচ্চারিত হয়েছে। সেকারণে এই বাজেট উত্তরবঙ্গের মানুষের কাছে এক চাঁদের পাহাড়।’

Advertisement

এবারের রাজ্য বাজেটে উত্তরবঙ্গকে দু’হাত ভরে দেওয়া হয়েছে বলে ইতিমধ্যেই মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার। বাজেট নিয়ে খুশি উত্তরের বণিকসভা থেকে চা ও পর্যটন শিল্পের সঙ্গে যুক্তরাও। এতদিনে উত্তরবঙ্গের বঞ্চনা ঘুচল বলে মনে করছেন তাঁরা।

তৃণমূল সরকারের শেষ বাজেটে উত্তরবঙ্গের জন্য ৯২০ কোটি টাকার মতো বাজেট বরাদ্দ করা হয়েছিল। কিন্তু বিজেপি সরকারের প্রথম বাজেটে উত্তরবঙ্গের জন্য বাজেট প্রায় দ্বিগুণ বাড়িয়ে ১ হাজার ৮২১ কোটি টাকা করা হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকারের সহায়তায় উত্তরবঙ্গে এইমসের পাশাপাশি আইআইএম, আইআইটি, ক্যানসার হাসপাতাল যেমন ঘোষণা করা হয়েছে, তেমনই শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি মেট্রো চালানো সম্ভব কি না, তা খতিয়ে দেখতে সার্ভের কথা বলা হয়েছে। বাজেটে ঘোষণা করা হয়েছে, উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম ও ইনডোর স্টেডিয়াম হবে। শিলিগুড়িতে লজিস্টিক পার্ক হবে। অবস্থানগত বিষয়টি মাথায় রেখে শিলিগুড়িতে উন্নত বাণিজ্যকেন্দ্র গড়ার কথাও বলা হয়েছে বাজেটে। জোর দেওয়া হয়েছে পর্যটনে। কোচবিহারের মদনমোহন মন্দির কিংবা ময়নাগুড়ির জল্পেশ মন্দিরের সংরক্ষণে যেমন বিশেষ জোর দেওয়ার কথা বলা হয়েছে, তেমনই জলপাইগুড়ির বোদাগঞ্জের ভ্রামরীদেবীর মন্দিরকে বেঙ্গল শক্তিপীঠে অন্তর্ভুক্ত করা হয়েছে। বালুরঘাট ও মালদহে নতুন বিমানবন্দর ঘোষণা করা হয়েছে। কালিম্পঙ, আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজের ঘোষণাও রয়েছে। এবারের রাজ্য বাজেটে। ইতিপূর্বে কোনো রাজ্য বাজেটে উত্তরবঙ্গের জন্য এতকিছু ঘোষণা করা হয়নি বলে দাবি উত্তরের বিজেপি নেতৃত্বের।

Advertisement
সম্পর্কিত সংবাদ