৫৩ বছরে প্রথমবার থিমের পুজো শ্যাম স্কোয়ারে মণ্ডপে, ‘ইন্দ্রজাল’, সিনিয়র পি সি সরকারকে কুর্নিশ
  • ১৩ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অর্ক দে, কলকাতা: তাঁর জাদু মুগ্ধ হয়ে দেখত গোটা দুনিয়া। যাদুবিদ্যায় দেশের নাম বিশ্ব দরবারে উজ্জ্বল করেছিলেন প্রতুলচন্দ্র সরকার। তাঁর ইন্দ্রজাল দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের দর্শকদের মন কেড়েছিল। সেই জাদুসম্রাট সিনিয়র পিসি সরকারকেই এবার শ্যামবাজারের শ্যাম স্কোয়ার সর্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনীর তরফে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হচ্ছে। শিল্পী সুবল পালের হাত ধরে রূপ পেয়েছে মণ্ডপ। ভাবনার নাম, ‘ম্যাজিক’।

Advertisement

ভারতীয় জাদুকলা কেবল বিনোদনের মাধ্যম নয়, এটি আমাদের লোকসংস্কৃতি এক প্রাচীন ধারা। পিসি সরকার সিনিয়রের হাত ধরে যা বিশ্বমঞ্চে এক অনন্য মর্যাদা পেয়েছিল। তার শিকড় ছড়িয়ে আছে ভারতের গ্রামে-গঞ্জে বৈচিত্র্যময় লোকশিল্পের মধ্যে। ভারতীয় জাদুকলাকে মূলত তিনটি প্রধান ধারায় ভাগ করা যায়। এক ট্রিট ম্যাজিক। এটি ভারতের সবচেয়ে প্রাচীন ধারা। মাদারি বাজিকর বা যাদুকররা খোলা আকাশের নীচে হাটেবাজারে দর্শকের ঠিক সামনে এই জাদু দেখাতেন। দ্বিতীয় মঞ্চ জাদু বা স্টেজ ইলিউশন। এটি আধুনিক জাদুকলা, থিয়েটারের আলো-ছায়ার খেলা বড়ো বড়ো প্রপস এবং মিউজিক মেলবন্ধনে তৈরি হয় এক মায়াজাল। তৃতীয় মানসিক জাদু বা ব্ল্যাক ম্যাজিক যা মনস্তত্ত্ব বা সম্মোহন বিদ্যার ব্যবহারে দর্শকের মন পড়ে ফেলা বা ভবিষ্যদ্বাণী করার মত খেলা। বুদ্ধিভিত্তিক বিষয় তৈরি করে। জাদুকলা মানুষকে যুক্তিবাদী হতে শেখায় আবার একইসঙ্গে কল্পনার ডানাও মেলে দেয়। দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে বের করে এটি মানুষকে এক লহমায় এক রূপকথার জগতে নিয়ে যায়। জাদুকলা সঠিক আলো, আবহসংগীত এবং হাতের কৌশলের মাধ্যমে একটা অবাস্তব বিষয়কে চোখের সামনে বাস্তব করে তোলে। শ্যাম স্কোয়ারের পুজোর উদ্যোক্তা সঞ্জয় মুখোপাধ্যায় বলেন, দুর্গাপুজো নিজেই একটা মস্ত বড়ো জাদু ,যা চারপাশের চেনা জগৎটাকে কয়েকদিনের জন্য এক অপরূপ মায়াপুরীতে বদলে দেয়। এই উৎসবের সৃজনশীলতার সঙ্গে আমরা ভারতীয় যাদুকলার ঐতিহ্য আর আলো-ছায়ার খেলা এবং লোকশিল্পের সঠিক মেলবন্ধন করতে চেয়েছি। 
তিনি আরও জানান, এবার মণ্ডপে প্রবেশ করলে দর্শকরা প্রত্যক্ষ করবে ইলিউশন। ম্যাজিকের পাশাপাশি কালা জাদু বিষয়টিও থাকবে। অসুরের ৯ রূপ ফুটে উঠবে। ছোটবেলা থেকে এই পাড়াতেই বড়ো হয়েছেন দমদম উত্তরের বিধায়ক সৌরভ শিকদার। শ্যাম স্কোয়ারের পুজোর সঙ্গেও যুক্ত তিনি। বলেন, অনেক অনুরোধে জুনিয়র পি সি সরকার রাজি হয়েছেন। বাড়তি পাওনা হল জুনিয়র পিসি সরকারের সহযোগিতায় সিনিয়র পি সি সরকারের জাদু দেখানোর একাধিক সরঞ্জাম প্রদর্শিত হবে মণ্ডপে। দর্শকরা মুগ্ধ হয়ে দেখবেন।