Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

ফুটবল বিশ্বকাপের সাজ তিলোত্তমাতেও, দক্ষিণ কলকাতায় বিদেশি স্টাইলে ফ্যান পার্ক, উত্তরে লাতিন আমেরিকার গলি

রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। ইস্টবেঙ্গল আইএসএল জিতেও ফেলেছে। এবার আগামী এক মাসের জন্য বাঙালি বিভক্ত হবে দু’ভাগে, ব্রাজিল আর আর্জেন্তিনা।

ফুটবল বিশ্বকাপের সাজ তিলোত্তমাতেও, দক্ষিণ কলকাতায় বিদেশি স্টাইলে ফ্যান পার্ক, উত্তরে লাতিন আমেরিকার গলি
  • ৮ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদল হয়েছে। ইস্টবেঙ্গল আইএসএল জিতেও ফেলেছে। এবার আগামী এক মাসের জন্য বাঙালি বিভক্ত হবে দু’ভাগে, ব্রাজিল আর আর্জেন্তিনা। ইতিউতি উঁকি দেবে স্পেন, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল ইত্যাদি ইত্যাদি। কারণ, ফুটবল বিশ্বকাপ আসন্ন। তাই শহর সাজানোর প্রস্তুতি নিতে শুরু করেছেন ফুটবলপ্রেমীরা। ইতিমধ্যেই ময়দান মার্কেটে বিভিন্ন দলের জার্সির কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। ঠিক যেমন পুজো কিংবা পয়লা বৈশাখের আগে বাঙালি থলে ভরে বাজার করে! এর পাশাপাশি কোথাও হবে বিদেশি স্টাইলে ‘ফ্যান পার্ক’, কোথাও আবার হয়ে উঠবে লাতিন আমেরিকার গলি।

Advertisement

ময়দান মার্কেটের বিক্রেতারা বলছেন, এই বছর সবচেয়ে বেশি চাহিদা স্পেনের সাদা জার্সির। কিন্তু চিরাচরিত আর্জেন্তিনা কিংবা ব্রাজিলের জার্সির জুড়ি মেলা ভার। সেখানেও আবার ভাগ রয়েছে। হোম আর অ্যাওয়ে জার্সি ছাড়াও পাওয়া যায় প্লেয়ার জার্সি এবং ফ্যান জার্সি। রয়েছে বিভিন্ন দেশের পতাকাও। ব্রাজিল প্রথম মাঠে নামবে ১৪ তারিখ ভারতীয় সময় ভোর সাড়ে তিনটেয়। আর আর্জেন্তিনা নামবে ১৭ তারিখ সকাল সাড়ে ৬টায়। সেদিকেই তাকিয়ে রয়েছে বাঙালি। তার আগে শহর সাজিয়ে তোলার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ কলকাতার গাঙ্গুলিবাগান এলাকায় একেবারে বিদেশি স্টাইলে তৈরি হবে ফ্যান পার্ক। আর্জেন্তিনা ফ্যান ক্লাবের তরফে উত্তম সাহা বলছিলেন, ‘বিভিন্ন বিশ্বকাপে আমি বিদেশে গিয়েছি। সেখানে দেখেছি, এই ফ্যান পার্ক কনসেপ্ট। সেই ধাঁচেই একটা মাঠে ওই ফ্যান পার্ক তৈরি করা হবে।’ এর পাশাপাশি গলির মধ্যেও আর্জেন্তিনার পতাকা দিয়ে মুড়ে ফেলা হবে। ফ্যান পার্কের মধ্যে কী থাকবে, তা নিয়ে এখনই মুখ খুলতে চাননি উত্তমবাবু। খালি বলেছেন, ‘আসলে এবার বিশ্বকাপ তো এক মাসেরও বেশি সময় ধরে চলবে, তাই পরের সপ্তাহে আশা করি সবটা করে ফেলতে পারব।’ দক্ষিণ কলকাতা যখন ফ্যান পার্ক তৈরি করছে, পিছিয়ে নেই উত্তর কলকাতাও। অলিগলিতে ঘেরা উত্তর কলকাতা যেন হয়ে উঠবে লাতিন আমেরিকার কোনো দেশের সরু গলি। 
উত্তর কলকাতা দিশারী ক্লাবের উদ্যোগে সাজিয়ে তোলা হবে ফকির চক্রবর্তী লেন। গোটা গলি একেবারে ব্রাজিলের হলুদ-সবুজ রঙে রাঙিয়ে তোলা হবে। দেওয়ালে দেওয়ালে শোভা পাবে মেসি, নেইমার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছবি। ব্যাকড্রপে বাজতে থাকবে শাকিরার গাওয়া থিম সং ‘ডাই ডাই’। ক্লাব সদস্য সৌমেন বোরা বলছিলেন, ‘আমাদের গতবারের সাজানো অনেক মানুষের ভালো লেগেছিল। এবারও সেভাবেই সাজাতে চাইছি। রবিবার থেকেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ