সংবাদদাতা, বোলপুর: রাজ্যে বিজেপি সরকার গঠনের পর গত এক মাসে বোলপুর পুরসভায় প্রশাসনিকস্তরে একাধিক পরিবর্তন হয়েছে। কিন্তু, তাতেও পুরসভার কাজের গতি ফেরেনি বলে অভিযোগ। বরং নতুন করে জটিলতা তৈরি হয়েছে। একাধিক উন্নয়নমূলক কাজ আটকে রয়েছে। পুরসভার দৈনন্দিন কাজেও তার প্রভাব পড়ছে। এই পরিস্থিতি করে স্বাভাবিক হবে তা নিয়ে চিন্তায় পুরসভার কর্মী ও আধিকারিকদের একাংশ।
রাজ্যে পালাবদলের পর বিভিন্ন পুরসভার নির্বাচিত বোর্ড ভেঙে প্রশাসক বসানো হয়। সেই তালিকায় রয়েছে বোলপুর পুরসভাও। তারপর থেকেই প্রশাসক বদলের পর্ব শুরু হয়েছে। সম্প্রতি ফের বদল হয়েছে পুরসভার প্রশাসক। ফলে প্রশাসনিক স্থায়িত্ব নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।
জানা গিয়েছে, গত ২০ জুন শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বোলপুরের তৎকালীন তৃণমূল চেয়ারপার্সন পর্ণা ঘোষ মহকুমা শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর কিছুদিন প্রশাসক না থাকায় পুর-পরিষেবা ব্যাহত হওয়ার অভিযোগ ওঠে। পরে বোলপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর অরুণালোক ঘোষ পুরসভার প্রশাসকের দায়িত্ব পান। কিন্তু, তাঁর সময়েও পুরসভার কাজে তেমন গতি আসেনি বলে অভিযোগ। এর মধ্যেই গত ২০ আগস্ট রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে অরুণালোক ঘোষকে পুরুলিয়ার পুঞ্চা ব্লকের বিডিও পদে বদলি করা হয়। তাঁর জায়গায় বোলপুর পুরসভার প্রশাসকের দায়িত্ব দেওয়া হয় শ্রীনিকেতন-শান্তিনিকেতন উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক গৌতম দত্তকে। পাশাপাশি তাঁকে পুরসভার প্রশাসকের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়।
তবে কয়েকদিন যেতে না যেতেই ফের পরিবর্তন। রাজ্য সরকারের বৃহস্পতিবারের নতুন বিজ্ঞপ্তিতে বোলপুর পুরসভার এগজিকিউটিভ অফিসার হিসাবে বিকাশ নস্করের নাম ঘোষণা করা হয়েছে। তিনি এর আগে খেজুরি-২ ব্লকের বিডিও ছিলেন। প্রশাসনিক সূত্রের খবর, তাঁকেই পুরসভার প্রশাসকের দায়িত্ব দেওয়া হতে পারে।
একের পর এক আধিকারিক বদলের জেরে পুরসভার বিভিন্ন কাজ আটকে যাচ্ছে বলে অভিযোগ। টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু করে বিল মেটানো, বিভিন্ন নথিতে স্বাক্ষর সহ সব ক্ষেত্রেই সমস্যা তৈরি হচ্ছে। শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজেও তার প্রভাব পড়েছে বলে দাবি। বর্জ্য ব্যবস্থাপনাতেও সমস্যা দেখা দিয়েছে।
পুরসভার এক আধিকারিক বলেন, বারবার প্রশাসনিক কর্তা বদল হওয়ায় সিদ্ধান্ত নিতে সমস্যা হচ্ছে। টেন্ডার থেকে শুরু করে বিল পাশ, সব কাজেই জটিলতা তৈরি হচ্ছে। নাগরিক পরিষেবাতেও তার প্রভাব পড়ছে। এভাবে আগে কখনো সমস্যার মুখে পড়তে হয়নি। দ্রুত পুরসভার কাজ স্বাভাবিক হওয়া দরকার।
বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা করা হবে।