মিরাট: চলতি সপ্তাহেই কুখ্যাত নীল ড্রাম হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত মুসকান রাস্তোগী ও সাহিল শুক্লাকে ফাঁসির সাজা দিয়েছে মিরাটের একটি আদালত। শুক্রবার ফের উত্তরপ্রদেশের এই জেলাসদরে একই ধরনের মামলায় নিম্ন আদালত প্রাণদণ্ড দিল স্বামী-হত্যাকারী স্ত্রী ও তার প্রেমিককে। প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্র করে স্বামীকে খুন করার অভিযোগ উঠেছিল রবিতা নামের এক যুবতীর বিরুদ্ধে। তাকে ও তার প্রেমিক অমরদীপকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৫ সালের এপ্রিল মাসে নিজের বাড়িতেই মৃত্যু হয়েছিল অমিত কাশ্যপ নামের এক যুবকের। তাঁর দেহের পাশেই মিলেছিল একটি সাপ। প্রাথমিকভাবে পরিবার মনে করেছিল সর্পাঘাতেই মৃত্যু হয়েছে ওই যুবকের।
পরে পুলিশি তদন্তে উঠে আসে, অমিতের স্ত্রী রবিতা ও তার প্রেমিক অমরদীপ শ্বাসরোধ করে খুন করে তাঁকে। খুনের ঘটনা আড়াল করার জন্য দেহের উপর ছেড়ে দেওয়া হয় জীবন্ত সাপ। যদিও সেই সাপটি নির্বিষ ছিল বলেই উঠে এসেছে পুলিশি তদন্তে। এই ঘটনায় রীতিমতো সাড়া পড়ে যায়। পরে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। সেই সংক্রান্ত মামলায় এদিন সাজা ঘোষণার সময় বিচারপতি জানিয়েছেন, রবিতা ও অমিতের তিন সন্তানের দায়িত্ব নেবেন জেলাশাসক।



