শ্রীনগর: সন্তানকে কর্মস্থলে আনা নিয়ে সহকর্মীদের সঙ্গে লাগাতার বচসা। আর সেই ক্ষোভে সহকর্মীদের লক্ষ্য করে নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালালেন এক সিআইএসএফ জওয়ান। ঘটনায় মৃত্যু হয়েছে সিআইএসএফের দুই আধিকারিক এবং দুই কনস্টেবলের। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায়। অভিযুক্ত হেড কনস্টেবল অবধেশ কুমার সিংকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিআইএসএফ সূত্রে জানানো হয়েছে, হিমাচল প্রদেশ সীমানায় বাসোলির মাশকা গ্রামে ‘সেবা-৩’ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত অবধেশ ও তাঁর স্ত্রী হেড কনস্টেবল পূজা দেবী। একই জায়গায় কর্মরত হলেও তাঁদের শিফ্ট আলাদা। এক তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, শিফ্ট আলাদা হওয়া কারণে তাঁদের একজন শিশুসন্তানকে প্রজেক্ট সাইটে আনেন। অপরজন ছুটির সময় তাকে বাড়ি নিয়ে যান। এই মধ্যবর্তী সময়ে সন্তানের প্রোজেক্ট সাইটে থাকা নিয়ে অন্যদের আপত্তি ছিল। এই নিয়ে দম্পতির সঙ্গে সহকর্মীদের প্রায়ই বচসা লেগে যেত। মঙ্গলবার অশান্তি চরমে পৌঁছায়। সন্ধ্যায় ডিউটিতে এলে পূজাকে সন্তান নিয়ে প্রবেশ করতে দেননি গেটম্যানরা।



