Bartaman Logo
৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

ফলো-অনের খাঁড়া শ্রীলঙ্কার ঘাড়ে

সারাদিনে শ্রীলঙ্কা তুলল ২৫৭ রান। হারাল ৬ উইকেট। সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে হোম টিম যতই প্রতিরোধ গড়ার চেষ্টা করুক, অ্যাডভান্টেজ ভারত।

ফলো-অনের খাঁড়া শ্রীলঙ্কার ঘাড়ে
  • ২৬ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

কলম্বো: সারাদিনে শ্রীলঙ্কা তুলল ২৫৭ রান। হারাল ৬ উইকেট। সিংহলিজ স্পোর্টস ক্লাবের মাঠে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের শেষে হোম টিম যতই প্রতিরোধ গড়ার চেষ্টা করুক, অ্যাডভান্টেজ ভারত। এখনও ২৩৮ রানে এগিয়ে শুভমান গিল ব্রিগেড। অর্থাৎ, ফলো-অন বাঁচাতে শ্রীলঙ্কার প্রয়োজন আরও ৩৯ রান। হতে মাত্র দু’উইকেট বলেই খাঁড়াটা ঝুলছে। তবে টিম ইন্ডিয়া হয়তো ক্লান্ত বোলারদের আড়াল করতে ফের ব্যাটিংই সম্ভবত বেছে নেবে। অবশ্য অনিশ্চয়তার খেলা ক্রিকেটে ধনঞ্জয় ডি’সিলভা বাহিনীর ফলো-অন এড়িয়ে বড় ইনিংস গড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে সোনাল দিনুশাকে যথারীতি গল টেস্টের মতো নির্ভরযোগ্য দেখাচ্ছে। তবে ৮ উইকেটে ২৬৫ রানে থমকে থাকা শ্রীলঙ্কার পক্ষে বুধবার সকালে বেশিক্ষণ টিকে থাকা সহজ হবে না। কারণ, দ্বিতীয় নতুন বল এখনও টাটকা। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা আঘাত হানতে পারেন শুরুতেই। তবে এদিন শেষ ৩৮ ওভারে মাত্র একটা উইকেট ফেলতে সমর্থ হওয়া কিছুটা হলেও চাপে রাখবে অ্যাওয়ে টিমকে। পড়ন্তবেলায় অবশ্য অন্তত একঘণ্টার খেলা বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। না হলে হয়তো দাঁড়িই পড়ে যেত শ্রীলঙ্কার ইনিংসে। ম্যাচের এখনও যা অবস্থা, তাতে একমাত্র বৃষ্টিই পারে শ্রীলঙ্কার ত্রাতা হয়ে উঠতে। 

Advertisement

এদিন টিম ইন্ডিয়ার পথে কাঁটা হয়ে বিঁধলেন পাসিন্দু সুরিয়াবান্দারা ও দিনুশা। জীবনের দ্বিতীয় টেস্ট ইনিংসে দলকে টানলেন পাসিন্দু। চোটের জন্য দীনেশ চান্ডিমল ছিটকে যাওয়ায় সুযোগ পান ২৬ বছর বয়সি। এদিন ১৩৩ বলে ৯টি বাউন্ডারিতে সাজানো ইনিংসে নিজেকে প্রমাণ করলেন পাসিন্দু। শতরান নিশ্চিতই দেখাচ্ছিল। ফিরতে হল রবীন্দ্র জাদেজার ডেলিভারি ব্যাটে লাগিয়ে স্টাম্পে টেনে এনে। এরপর গল টেস্টের মতোই দিনুশাকে অটল দেখাল। সিরিজের প্রথম টেস্টে তাঁর রান ছিল ১০০ ও ৮৪। এই টেস্টে শতরানের থেকে মাত্র ১৫ রান দূরত্বে তিনি। মেরেছেন ৬টি চার ও ২টি ছক্কা।
ভারতীয় বোলারদের মধ্যে ৩টি করে উইকেট নিলেন প্রসিদ্ধ কৃষ্ণা ও মানব সুথার। বাকি দুই উইকেট ভাগ করে নেন মহম্মদ সিরাজ ও জাদেজা। অভিষেক টেস্টে অফ স্পিনার সারাংশ জৈন এখনও পর্যন্ত উইকেটহীন। 
স্কোরবোর্ড: ভারত প্রথম ইনিংস ৫০৩-৯ (ডিঃ)। শ্রীলঙ্কা প্রথম ইনিংস (৮-২ এর পর)— কামিল ক জুরেল বো প্রসিদ্ধ ১৯, সুরিয়াবান্দারা বো জাদেজা ৮০, কামিন্দু ক জাদেজা বো প্রসিদ্ধ ৩২, ধনঞ্জয় ক রাহুল বো সুথার ৮, দিনুশা ব্যাটিং ৮৫, নিরোশান ক জুরেল বো সিরাজ ০, নুয়ান্থা ক সারাংশ বো সুথার ১৮, কুমারা ব্যাটিং ৮, অতিরিক্ত ১২, মোট (৮৩.৪ ওভারে) ২৬৫-৮। উইকেট পতন: ৩-৩৫, ৪-১২২, ৫-১৩৭, ৬-১৭১, ৭-১৭৩, ৮-২৩০। বোলিং: সিরাজ ১১-০-৩৩-১, প্রসিদ্ধ ১৪-১-৪৭-৩, সুথার ২১-১-৮৩-৩, সারাংশ ১৮-৫-৫১-০, জাদেজা ১৯.৪-৪-৪৫-১।

Advertisement
সম্পর্কিত সংবাদ