নয়াদিল্লি: ৯/১১ ধাঁচে হামলা পরিকল্পনা ছিল। একথা আগেই স্বীকার করেছে ফ্লাইদুবাইয়ের ধৃত কো-পাইলট হামাম আল-হাম্মামি। জেরার মুখে সে জানিয়েছে, ককপিটে বসেই ক্যাপ্টেন স্মিত মচ্ছরকে হত্যার পরিকল্পনা ছিল তার। যাতে বিমানের যাবতীয় নিয়ন্ত্রণ নিজে নিতে পারে। অবতরণের অনুমতি পেলেই বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান ক্র্যাশ করাত হামাম। সেই পরিকল্পনা সফল না হলে তেল আভিভের কোনো বহুতল বা জর্ডনের মার্কিন সেনাঘাঁটিতে বিমানটি আছড়ে ফেলার কথা ভেবেছিল বলে জানিয়েছে হামাম। শেষ পর্যন্ত তাঁর পরিকল্পনা ব্যর্থ হয়। গুরুতর আহত হওয়া সত্ত্বেও ভারতীয় পাইলট স্মিত তাকে আটকে দেন। তবে এই প্রথম নয়। এর আগেও হামলার ছক কষেছিল হামাম। ইজরায়েলি সংবাদমাধ্যমের দাবি, গত জুলাই মাসেই নিজের পরিকল্পনা বাস্তবায়িত করতে চেয়েছিল হামাম। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলায়। কারণ, সেই বিমানের এক কর্মীর সঙ্গে তার বন্ধুত্ব ছিল। তদন্তে আরও জানা গিয়েছে, ফ্লাইদুবাইয়ে যোগ দেওয়ার পর সাম্প্রতিক মাসগুলিতে বেশ কয়েকবার বেন গুরিয়ন বিমানবন্দরে গিয়েছিলেন আল-হাম্মামি। তদন্তকারীদের কাছে সে বলেছে, ‘কোন বিমান সংস্থা তেল আভিভে যায়, তা খুঁজে দেখেছিলাম। সেই কারণেই ফ্লাইদুবাইকে বেছে নিই। আমাকে চাকরিতে নেওয়ার আগেই আমি পরিকল্পনাটি করেছিলাম।’



