সংবাদদাতা, বালুরঘাট: তিন বছর পরে লোকসভা ভোট। তার আগেই দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে বালুরঘাটবাসীর। এই শহর থেকে ফের শুরু হবে বিমান পরিষেবা। বুধবার এমনই আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পে বালুরঘাটকে যুক্ত করার প্রস্তাব ইতিমধ্যে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বালুরঘাটে আস্ত একটি বিমানবন্দর আছে। একসময় সেখান থেকে উড়ানও চলত। কিন্তু সে সব বন্ধ হয়ে গিয়েছে বহু যুগ আগেই। ফের বিমান পরিষেবা চালুর দাবি জেলার মানুষের দীর্ঘদিনের। বিধানসভা ভোটের আগে এনিয়ে প্রতিশ্রুতিও দিয়েছিল বিজেপি। প্রশাসনিক বৈঠকে আজ বালুরঘাট এসেছেন মুখ্যমন্ত্রী। কর্মসূচী শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই বালুরঘাটে বিমান পরিষেবা চালু হয়ে যাবে। এখানে সাংসদ উপস্থিত রয়েছেন। তাঁর সামনেই আমি এই প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি।’
নেশা মুক্ত বাংলা গড়ার লক্ষ্যে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ভালো কাজ করেছে বলেও এদিন দরাজ সার্টিফিকেট দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।