নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত এপ্রিলে আবাসনের বাজার কিছুটা ধাক্কা খেল মহানগরে। কলকাতা মিউনিসিপ্যাল এরিয়ার আওতায় গতমাসে ফ্ল্যাট বিক্রি হয়েছে ৪ হাজার ৭৯৬টি। রাজ্য সরকারের ডিরেক্টরেট অব রেজিষ্ট্রেশনস অ্যান্ড স্ট্যাম্পস রেভিনিউ দপ্তর সূত্রে এই তথ্য পাওয়া গিয়েছে। গত মার্চ মাসে মহানগরে ফ্ল্যাট বিক্রির সংখ্যা ছিল ৫ হাজার ৭৫টি। এক মাসের নিরিখে বিক্রির হার কমেছে ৫ শতাংশ। অন্যদিকে, ২০২৫ সালের এপ্রিলের সঙ্গে তুলনা করলে বিক্রির হার কমেছে ৬ শতাংশ। শহরে যে ক’টি ফ্ল্যাট বিক্রি হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকা ৫০১ থেকে ১০০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাট। মোট বিক্রির ৫৯ শতাংশই এই আয়তনের ফ্ল্যাট। তথ্য বলছে, গত বছর এপ্রিলে এই ধরনের ফ্ল্যাটের বাজার ছিল মাত্র ৪৩ শতাংশ। গতবার সবচেয়ে বেশি বিক্রি হয়েছিল ৫০০ বর্গফুট বা তার চেয়ে ছোটো আয়তনের ফ্ল্যাট, যা মূলত এক কামরার। গতমাসে এই ধরনের ফ্ল্যাট বাজার পেয়েছে ৩০ শতাংশ। তথ্য বলছে, উচ্চ-মধ্যবিত্ত বা উচ্চবিত্তদের ফ্ল্যাটের বাজার চাঙা ছিল গত মাসে। এক হাজার বর্গফুট বা তার চেয়ে বড়ো ফ্ল্যাটের বাজার ছিল ১১ শতাংশ। গত বছর এপ্রিলে সেই হার ছিল মাত্র ৪ শতাংশ।



