Bartaman Logo
২৫ জুন, ২০২৬

অরুণাচলে হড়পা বান, নিখোঁজ ৩

অরুণাচলে ভয়াবহ হড়পা বানে ৩ জন নিখোঁজ, ১৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত। উদ্ধারকাজ শুরু, পরিস্থিতির দিকে নজর রাখছে অসম। বিস্তারিত পড়ুন।

অরুণাচলে হড়পা বান, নিখোঁজ ৩
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বিশেষ সংবাদদাতা,  ইটানগর: ভয়াবহ হড়পা বানে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হল অরুণাচল প্রদেশের লোয়ার সুভানসিরি ও কেয়ি প্যানিওর জেলার বিস্তীর্ণ এলাকা। ভেসে গেল একের পর এক গ্রামের ঘরবাড়ি, স্কুল, কৃষিজমি। ভয়াবহ এই বিপর্যয়ে মোট তিন জন নিখোঁজ বলে জানা গিয়েছে। জাতীয় সড়কে ধসের কারণে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থাও।

Advertisement

বুধবার ইটানগরের আবহওয়া অফিস জানিয়েছে, শেষ ২৪ ঘণ্টায় লোয়ার সুবনসিরি এলাকায় ৭২.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যার বেশিরভাগটাই হয়েছে বুধবার সকাল ৬টা থেকে ৯টার মধ্যে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির জেরে আগে থেকেই নদীর জলস্তর বেশি ছিল। সকাল সাড়ে ৬টা থেকেই বাড়িতে জল ঢুকতে শুরু করে বলে জানিয়েছিলেন বাসিন্দারা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, জলের তোড়ে অন্তত ১৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি সেতু ভেসে যাওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকায় বন্যা ও ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে পাশের রাজ্য অসমও। আধিকারিক ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে যে কোনো পরিস্থিতি মোকাবিলা জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।  অন্যদিকে নির্ধারিত সময়ের ১৩ দিন পর মহারাষ্ট্রে পৌঁছেছে মৌসুমি বায়ু। আর বর্ষার শুরুতেই কার্যত বানভাসি পরিস্থিতি তৈরি হল মুম্বইতে। মঙ্গলবার রাতভর বৃষ্টির জেরে মাতুঙ্গা, দাদর, কোলাবা সহ শহরের বিস্তীর্ণ এলাকায় হাঁটু থেকে কোমর অবধি জল জমেছে। শহরের ট্রাফিক পরিস্থিতির দশা বেহাল। জমা জলের কারণে সকাল থেকে দেরিতে চলেছে লোকাল ট্রেনও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ