Bartaman Logo
২৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

দু’টি অভিযানে উদ্ধার সাড়ে পাঁচশো গ্রাম ব্রাউন সুগার, মাটিগাড়ায় ধৃত ২

মাদকের বিরুদ্ধে জোড়া সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। হাতবদলের আগেই মঙ্গলবার রাতে মাটিগাড়ার শিবমন্দির থেকে ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ

দু’টি অভিযানে উদ্ধার সাড়ে পাঁচশো গ্রাম ব্রাউন সুগার, মাটিগাড়ায় ধৃত ২
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বাগডোগরা: মাদকের বিরুদ্ধে জোড়া সাফল্য পেল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। হাতবদলের আগেই মঙ্গলবার রাতে মাটিগাড়ার শিবমন্দির থেকে ব্রাউন সুগার সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ। অন্যদিকে, বুধবার দুপুরে মাটিগাড়ার শিমুলতলা এলাকার একটি বাড়িতে অভিযান চালায় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ। সেখানে বাড়ি থেকে মাদক ও নগদ টাকা সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়। 

Advertisement

প্রথম ঘটনায় মঙ্গলবার রাতে শিবমন্দির সারদাপল্লিতে এক ব্যক্তি মাদক হাতবদলের উদ্যেশ্যে দাঁড়িয়ে ছিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে হাতেনাতে পাকড়াও করেন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। তার হেপাজত থেকে উদ্ধার হয় ২৬৫ গ্রাম ব্রাউন সুগার। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম তারিকুল শেখ। মালদহের কালিয়াচকের বাসিন্দা সে। ধৃত মালদহ থেকে মাদক এনে শিলিগুড়িতে বিক্রির ছক কষেছিল। 
অন্যদিকে, বুধবার শিমুলতলার একটি বাড়ি থেকে ২৯৭ গ্রাম ব্রাউন সুগার সহ এক যুবককে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ। তার হেপাজত থেকে মাদক বিক্রির মোট ৫৬ হাজার টাকা নগদ ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুমঙ্গল বালা। শিমুলতলারই বাসিন্দা সে। ধৃত বাড়ি থেকেই মাদক কেনাবেচার করত। 
পুলিশ ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করেছে। এই মাদক চক্র দু’টির সঙ্গে আর কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করেছে গোয়েন্দা বিভাগ ও মাটিগাড়া থানার পুলিশ।

Advertisement
সম্পর্কিত সংবাদ