জম্মু ও কাশ্মীরের গুলমার্গে মরশুমের প্রথম তুষারপাত, উচ্ছ্বসিত পর্যটকরা
  • ১৬ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফিরদৌস হাসান, শ্রীনগর: খাতায়-কলমে শীতকাল এখনও আসেনি। তবে জম্মু ও কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে এখনই শৈত্যের পরশ। মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকল গুলমার্গের আফরওয়াত পর্বত এবং গুরেজ উপত্যকা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই তুষারপাতের মূলে রয়েছে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব। গুলমার্গ, গুরেজ, তুলাইল, রাজদান পাস, সোনমার্গ এবং জোজিলা পাস সহ একাধিক পাহাড়ি এলাকায় বুধবার রাতে তুষারপাত হয়েছে। গুরেজ উপত্যকা, তুলাইল এবং বন্দিপোরার সঙ্গে সংযোগকারী রাজদান পাসেও পড়েছে বরফ। রাজধানী শ্রীনগর সহ সমতল এলাকায় বৃষ্টিপাতের কারণে দিনের তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। এক কথায় গোটা উপত্যকায় এখন শীতের আমেজ। আচমকা এই তুষারপাতে একদিকে যেমন পর্যটকরা আনন্দিত, তেমনি আশাবাদী স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা।

Advertisement

বৃহস্পতিবার সকাল থেকে গুলমার্গের আফরওয়াত শৃঙ্গে তুষারপাত দেখার জন্য পর্যটকদের উৎসাহ ছিল তুঙ্গে। বরফাবৃত পাহাড়ি দৃশ্য ক্যামেরাবন্দি করতে হুড়োহুড়ি পড়ে যায়। দিল্লি থেকে আসা একদল পর্যটক জানান, এমন অপরূপ দৃশ্য দেখতে পেয়ে নিজেদের অত্যন্ত ভাগ্যবান বলে মনে করছেন। ​আগাম তুষারপাত ঘিরে আশায় বুক বেঁধেছেন পর্যটন ব্যবসায়ীরা। কেননা শীতের মরশুমে জমে ওঠে তাঁদের ব্যবসা। বছরের এই দিনগুলির জন্য অপেক্ষা করে থাকেন গুলমার্গের হোটেল মালিক, গাড়ি চালক, গাইড এবং স্থানীয় ব্যবসায়ীরা। এক স্থানীয় পর্যটন ব্যবসায়ী সারাহ বলেন, তুষারপাতের টানেই গুলমার্গে আসেন পর্যটকরা। আগাম তুষারপাত তাঁদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে। গুলমার্গ ডেভেলপমেন্ট অথরিটির সিইও ইলিয়াস আহমেদ নাইসুরু বলেন, ‘আসন্ন শীতে পর্যটকদের ভিড় সামলাতে সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যটকরা যাতে কোনো সমস্যার মুখে না পড়েন, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।’ শুক্রবার থেকে কাশ্মীরে আবহাওয়ার উন্নতি হতে পারে। উপত্যকায় মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। তবে পাহাড়ি রাস্তা ও গিরিপথ ধরে যাওয়ার সময় পর্যটকদের সতর্ক থাকতে বলা হয়েছে। গাড়ি চালকদেরও ট্রাফিক মেনে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন।