Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

ধরমশালায় আজ প্রথম কোয়ালিফায়ার, নজরে কিং ও প্রিন্সের দ্বৈরথ

ভাইরাল হওয়া ভিডিয়োতে দুই তারকার একে অন্যকে জড়িয়ে ধরার ছবির আড়ালে লুকিয়ে থাকছে তুমুল পেশাদারিত্ব।

ধরমশালায় আজ প্রথম কোয়ালিফায়ার, নজরে কিং ও প্রিন্সের দ্বৈরথ
  • ২৬ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ধরমশালা: গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার একনম্বর দল হিসেবে উঠেছে প্লে-অফে। গুজরাত টাইটান্সও পেয়েছে ১৮ পয়েন্ট। শুধু নেট রানরেটে পিছিয়ে থাকায় দু’নম্বরে তারা। মঙ্গলবার পাহাড় ঘেরা ধরমশালায় প্রথম কোয়ালিফায়ার সেজন্যই হয়ে উঠছে সেয়ানে সেয়ানে টক্কর। একইসঙ্গে এটা চিহ্নিত হচ্ছে ‘কিং’কোহলি বনাম ‘প্রিন্স’ শুভমান গিলের দ্বৈরথ হিসেবেও। ভাইরাল হওয়া ভিডিয়োতে দুই তারকার একে অন্যকে জড়িয়ে ধরার ছবির আড়ালে লুকিয়ে থাকছে তুমুল পেশাদারিত্ব। বহিরঙ্গে যতই গিল-কোহলি আন্তরিকতায় ভরা মুহূর্ত উপহার দিন, বাইশ গজে ব্যাপারটা যুদ্ধই থাকবে।

Advertisement

বেঙ্গালুরুর টানা দ্বিতীয় বার প্লে-অফে খেলার নেপথ্যে ব্যাট হাতে বিরাটের ধারাবাহিকতা আর বোলিংয়ে ভুবনেশ্বর কুমার, জস হ্যাজলউডের বিধ্বংসী হয়ে ওঠা। ১৪ ইনিংসে ৫০.৬৩ গড়ে ৫৫৭ রান করেছেন ভিকে। স্ট্রাইক রেট ১৬৩.১৮। অরেঞ্জ ক্যাপের দৌড়ে ভালোভাবেই আছেন তিনি। তবে গুজরাতের প্রধান অস্ত্র কাগিসো রাবাডার বিরুদ্ধে রেকর্ডটা মোটেই ভালো নয় তাঁর।১৬ ইনিংসে পাঁচবার প্রোটিয়া পেসার আউট করেছেন বিরাটকে। মঙ্গলবারও রাবাডা শুরুতেই আঘাত হানলে চাপে পড়বে আরসিবি’র মিডল অর্ডার। তখন রশিদ খানের বিরুদ্ধে কঠিন পরীক্ষায় বসতে হবে ক্যাপ্টেন রজত পাটীদার, জিতেশ শর্মা, টিম ডেভিড, রোমারিও শেফার্ডদের। অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা প্রথম দুটো নাম আবার গুজরাতের দুই ওপেনারের। সাই সুদর্শন (৬৩৮) ও গিল (৬১৬) নিঃসন্দেহে দলের বড় শক্তি। দু’জনেই দেড়শোর বেশি স্ট্রাইকরেটে ব্যাট করেছেন। তবে ভুবনেশ্বর কুমারের বিরুদ্ধে তাঁদেরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তাৎপর্যের হল, রাবাডার সঙ্গে ‘পার্পল ক্যাপ’ পাওয়ার দৌড়ে আছেন ভুবি। দু’জনেরই পকেটে ২৪ উইকেট। গড় ও ইকনমি রেটের নিরিখে ভুবনশ্বেরকে বেশি কার্যকরী দেখাচ্ছে। তাছাড়া তিনি ডেথ ওভারেও বল করতে ওস্তাদ। কিন্তু রাবাডা সাধারণত পাওয়ার প্লে’র মধ্যেই তিন ওভার সেরে নেন। গুজরাতের পেস বোলিংয়ে আরও আছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, জেসন হোল্ডাররা। শক্তিশালী পেস আক্রমণের সঙ্গে রশিদের উপস্থিতিতে গুজরাত বোলিং রীতিমতো সমীহ জাগানো। তবে ব্যাটিংয়ে ভরসা টপ থ্রি। গিল-সুদর্শনের সঙ্গে তিন নম্বরে জস বাটলার। এরপর নিশান্ত সিন্ধু, ওয়াশিংটন সুন্দর, রাহুল তেওয়াটিয়া, হোল্ডাররা নামেন। 
সল্টের ফিট হওয়া আবার বেঙ্গালুরুর মাথাব্যথার কারণ। তিনি দলে এলে বেঙ্কটেশ আয়ারের বাদ পড়া নিশ্চিত। কিন্তু লিগের শেষ ম্যাচেই সেরা হওয়া ব্যাটারকে বসানো সহজ নয়। বিদেশি সল্টকে নামালে টিম কম্বিনেশনেও বদল আবশ্যক। আরসিবি’র প্লাস পয়েন্ট হল, কয়েকদিন আগেই ধরমশালায় খেলার অভিজ্ঞতা। অন্যদিকে, এবারের আসরে সোমবারই প্রথম শৈলশহরে নামতে চলেছে গুজরাত। ফলে অচেনা বাইশগজও চিন্তায় রাখছে গিল-ব্রিগেডকে।

Advertisement
সম্পর্কিত সংবাদ