Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আফগানদের বিরুদ্ধে প্রথম ওডিআই, চোট সারিয়ে মাঠে ফিরছেন রোহিত

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ওডিআইতে মাঠে ফিরছেন রোহিত শর্মা। বিরাট কোহলি চোটের কারণে নেই। বিস্তারিত পড়ুন।

আফগানদের বিরুদ্ধে প্রথম ওডিআই, চোট সারিয়ে মাঠে ফিরছেন রোহিত
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ধরমশালা: একমাত্র টেস্টে আফগানিস্তানকে আড়াই দিনে গুঁড়িয়ে দেওয়ার পর শনিবার শুরু তিন ম্যাচের ওডিআই সিরিজ। দু’দলের মধ্যে এটাই পঞ্চাশ ওভারের ফরম্যাটে প্রথম সিরিজ। পরের বছর অক্টোবর-নভেম্বরে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে ও নামিবিয়াতে বসছে বিশ্বকাপের আসর। তার আগে মোট ২৫টি ম্যাচ পাচ্ছে টিম ইন্ডিয়া। ক্রিকেটারদের সুযোগ দেওয়ার নিরিখে যা হয়ে উঠছে গুরুত্বপূর্ণ।

Advertisement

তবে আফগানদের বিরুদ্ধে ‘রো-কো’ জুটিতে দেখা যাবে না। কারণ রোহিত শর্মা খেললেও হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে এই সিরিজে নেই বিরাট কোহলি। ক্যাপ্টেন শুভমান গিলের সঙ্গে হিটম্যানই ওপেন করবেন। বিশ্বকাপের স্কোয়াডে থাকার দাবি জোরালো করতে ধারাবাহিকতা দেখানো প্রয়োজন। তিনে কোহলির জায়গায় সম্ভবত ঈশান কিষান। চারে সহ-অধিনায়ক শ্রেয়স আয়ার, পাঁচে লোকেশ রাহুল। চোটের জন্য হার্দিক পান্ডিয়া ছিটকে যাওয়ায় নীতীশ রেড্ডির সামনে নিজেকে প্রমাণ করার মস্ত বড় সুযোগ। ছয় নম্বরে নেমে দশ ওভার বোলিং করা তাঁর কাছে বড় পরীক্ষা। ধরমশালার কন্ডিশনে পেস বোলারদের জন্য মজুত থাকবে সাহায্য। যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়ায় অর্শদীপ সিং ও প্রসিদ্ধ কৃষ্ণার উপর তাই বড়ো দায়িত্ব। তিন বিশেষজ্ঞ পেসার খেলালে অভিষেক হতে পারে গুরনুর ব্রার বা প্রিন্স যাদবের। স্পিন-অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর খেলছেনই। যশ দুবেকেও দেখে নিতে পারে ভারত। সেক্ষেত্রে তাঁরও অভিষেকের সম্ভাবনা। বিশেষজ্ঞ স্পিনার অবশ্যই কুলদীপ যাদব। যদিও সেরা ফর্মে তিনি নেই।
টেস্ট সিরিজে খেলেননি রশিদ খান। তবে তারকা স্পিনার ফিরছেন ওডিআই সিরিজে। স্কোয়াডে আছেন মহম্মদ নবিও। টেস্ট সিরিজে ভালো বোলিংয়ের পুরস্কার পেয়ে অন্তর্ভুক্ত হয়েছেন মহম্মদ সেলিমও। হাশমাতুল্লাহ শাহিদি ব্রিগেড নিশ্চয়ই চাইবে ভারতীয় বোলিংয়ের অনভিজ্ঞতাকে কাজে লাগাতে।
 ম্যাচ শুরু দুপুর ১-৩০ মিনিটে। সম্প্রচার স্টার স্পোর্টস ও জিওহটস্টারে।

Advertisement
সম্পর্কিত সংবাদ