Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬

শনিবার প্রথম বৈঠক বিজেপির নতুন জাতীয় পদাধিকারীদের, নজরে ভোটমুখী রাজ্যগুলির সংগঠন

কাল, শনিবার দিল্লিতে বিজেপির নতুন জাতীয় পদাধিকারীদের প্রথম বৈঠক হতে পারে। বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণের প্রায় সাত মাস পর গত সোমবার নিজের নতুন কেন্দ্রীয় টিম ঘোষণা করেছেন নীতিন নবীন।

শনিবার প্রথম বৈঠক বিজেপির নতুন জাতীয় পদাধিকারীদের, নজরে ভোটমুখী রাজ্যগুলির সংগঠন
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কাল, শনিবার দিল্লিতে বিজেপির নতুন জাতীয় পদাধিকারীদের প্রথম বৈঠক হতে পারে। বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণের প্রায় সাত মাস পর গত সোমবার নিজের নতুন কেন্দ্রীয় টিম ঘোষণা করেছেন নীতিন নবীন। এই টিমে জায়গা পেয়েছেন বাংলার দু’জন। অন্যতম সর্বভারতীয় সহ-সভাপতি করা হয়েছে মধুছন্দা করকে। অন্যদিকে দলের অন্যতম কেন্দ্রীয় সম্পাদক করা হয়েছে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গাকে। 

Advertisement

সূত্রের খবর, এই বৈঠকে বিজেপির অন্যতম বড়ো ফোকাস হতে চলেছে ভোটমুখী রাজ্যগুলিতে দলীয় সংগঠনের হাল হকিকত। অর্থাৎ, উত্তরপ্রদেশ, গুজরাত সহ দেশের সাতটি রাজ্যে দলের সাংগঠনিক পরিস্থিতি। একইসঙ্গে ২০২৯ সালে লোকসভা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতিও এই বৈঠক থেকে শুরু হতে পারে। তবে বিজেপির প্রথম জাতীয় পদাধিকারীদের বৈঠকে বিশেষ নজর থাকবে বাংলার উপরে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়ী হয়েছে বিজেপি। প্রথমবার বিজেপি সরকার গঠিত হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে দলের সাংগঠনিক পরিস্থিতির উপর কড়া নজর রাখছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পাশাপাশি, সদ্য এরাজ্যে ১০০ দিন পূর্ণ করেছে বিজেপি সরকার। এপ্রেক্ষিতে রাজ্যের শাসকদল হিসাবে বিজেপির ভূমিকা ঠিক কী হবে, জাতীয় পদাধিকারীদের বৈঠকে তারও একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করে দেওয়া হতে পারে। দলের অন্য একটি সূত্রের দাবি, নতুন টিম তৈরি হওয়ার পর এটি একটি ‘ইন্ট্রোডাক্টরি’ বৈঠক। অর্থাৎ, পরস্পরের সঙ্গে আলাপ-পরিচয় সারার পর্ব। এটিই দস্তুর। তবে তারই মধ্যে বিজেপি সভাপতি কোনো নির্দেশ দিতেই পারেন। যদিও বিজেপির নতুন কেন্দ্রীয় টিম তৈরির পর দলের জাতীয় কর্মসমিতি এবং জাতীয় পরিষদের বৈঠক হওয়া শুধুই সময়ের অপেক্ষা মাত্র। তবে তা কবে বা কোথায় হবে, তার কোনো নির্দিষ্ট দিনক্ষণ এখনও পর্যন্ত স্থির হয়নি। তবে শীঘ্রই দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে খবর। 

Advertisement
সম্পর্কিত সংবাদ