Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত স্টেডিয়ামে প্রথমবার ডার্বি, ৭ সেপ্টেম্বরের মহারণের চূড়ান্ত প্রস্তুতি শুরু

ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি! কলকাতার বাইরে ‘বড়ো ম্যাচ’ নতুন কিছু নয়। কিন্তু বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের ইতিহাসে এই প্রথম।

বারাসত স্টেডিয়ামে প্রথমবার ডার্বি, ৭ সেপ্টেম্বরের মহারণের চূড়ান্ত প্রস্তুতি শুরু
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি! কলকাতার বাইরে ‘বড়ো ম্যাচ’ নতুন কিছু নয়। কিন্তু বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের ইতিহাসে এই প্রথম। আগামী ৭ সেপ্টেম্বর নৈশালোকে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। রাজ্যে পালাবদলের পর বারাসত স্টেডিয়ামকে ম্যাচের উপযোগী করে তোলা ও ডার্বি আয়োজন—দু’টি ক্ষেত্রেই বারাসতের বিজেপি বিধায়ক শংকর চট্টোপাধ্যায়ের হাতযশ রয়েছে বলে খবর। আগস্টে এই মাঠে কলকাতা লিগের ম্যাচ হয়েছে সফলভাবে। বছর কয়েক আগে কার্যত পরিত্যক্ত দশা ছিল স্টেডিয়ামের। তৃণমূলের আমলে অ্যাস্ট্রো টার্ফ তুলে ঘাসের মাঠ করা হয়। কিন্তু তারপর আর এই মাঠে খেলা ফেরেনি। বেহাল হয়ে পড়েছিল কোটি টাকার স্টেডিয়াম। রাজ্যে পালাবদলের পর থেকে ছবিটা বদলাতে শুরু করে। নৈশালোকে ‘বড়ো ম্যাচ’ আয়োজনের জন্য ফ্লাডলাইটের মেরামতি করতে হয়েছে। মঙ্গলবার আইএফএ সচিব অনির্বাণ দত্তের উপস্থিতিতে পুলিশ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের কর্তাদের সঙ্গে ডার্বি নিয়ে বৈঠক করেন বিধায়ক। মাঠের ফ্লাডলাইট পরীক্ষা করা হয়। ডার্বির জন্য ওই আলো উপযুক্ত বলে আইএফএর তরফে সবুজ সংকেত মিলেছে। 

Advertisement

ডার্বি মানেই দর্শকের ঢল। তাই স্টেডিয়ামের পরিকাঠামোতেও কিছু বদল আনা হচ্ছে। এতদিন বারাসত স্টেডিয়ামে তিনটি গেট ছিল। সামনের দিকে দু’টি, পিছনে একটি। দর্শকের চাপ সামলাতে এখন চতুর্থ গেট তৈরির কাজ চলছে। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের সমর্থকদের জন্য পৃথক দু’টি ব্লক করা হয়েছে। ভিআইপি গ্যালারির অংশও সংস্কার করা হয়েছে। সব কাজ শুক্রবারের মধ্যে শেষ হয়ে যাবে। শহরের নিরাপত্তা ও যান চলাচল নিয়েও তৎপর পুলিশ। দর্শকদের সুষ্ঠুভাবে গ্যালারিতে প্রবেশ, দুই দলের খেলোয়াড় এবং টিম বাসের নিরাপত্তা— সবদিকেই নজর দিচ্ছে পুলিশ। জেলার সদর শহরের স্বাভাবিক যান চলাচল বজায় রেখেই স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের ব্যবস্থা করছে বারাসত জেলা পুলিশ। পুলিশ সুপার জে মার্সি বলেন, ‘জন্মাষ্টমী মিটে গেলেই ডার্বিকে আরও ফোকাস করা হবে।’ 
আইএফএর তরফে এখনও ডার্বির টিকিট ছাড়া না হলেও ফুটবল-ভক্তদের উৎসাহে কমতি নেই। কোথা থেকে এবং কী উপায়ে ডার্বির টিকিট মিলবে, তা নিয়ে খোঁজখবর শুরু হয়ে গিয়েছে জেলাজুড়ে। বিধায়ক বলেন, ‘স্টেডিয়ামকে খেলার উপযোগী করা, বিশেষ করে ইস্ট-মোহন ডার্বি করানোর চ্যালেঞ্জ নিয়েছিলাম আমি। ৭ সেপ্টেম্বর বারাসত স্টেডিয়ামে ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ হবে। এটা আমার বড়ো পাওয়া। ম্যাচের জন্য অতিরিক্ত একটি গেট করা হচ্ছে। ফ্লাডলাইট পরীক্ষা করে আইএফএ সবুজ সংকেত দিয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ