Bartaman Logo
১৮ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

যানজটের বাধা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রোর প্রথম দিনের কাজ আশাপ্রদ

শুরুতে বৃষ্টি কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও চিংড়িঘাটায় মেট্রোর প্রথম দিনের কাজ আশাপ্রদ। শনিবার রাতের মধ্যে লঞ্চিংয়ের কাজ শেষ হয়ে যাবে।

যানজটের বাধা কাটিয়ে চিংড়িঘাটায় মেট্রোর প্রথম দিনের কাজ আশাপ্রদ
  • ১৭ মে, ২০২৬ ০৯:৫০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শুরুতে বৃষ্টি কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও চিংড়িঘাটায় মেট্রোর প্রথম দিনের কাজ আশাপ্রদ। শনিবার রাতের মধ্যে লঞ্চিংয়ের কাজ শেষ হয়ে যাবে। এই গতিতে কাজ চললে সোমবার সকাল ৮টার অন্তত তিন ঘণ্টা আগে রাস্তা খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। 

Advertisement

তবে শুক্রবারের বৃষ্টি শুধু মেট্রোর কাজে বাধা হয়নি! আবাঞ্ছিত যানজটও তৈরি করেছে। কলকাতা পুলিশের এক সূত্র জানাচ্ছে, বৃষ্টির ফলে কলকাতা ট্রাফিক পুলিশের নির্দেশিকা বা সাইনেজ বোর্ড দেখতে পাচ্ছিলেন না চালকরা। তাছাড়া, প্রথম দিনে চালকরা নতুন ব্যবস্থায় সরগড় হতে একটু সময় নিয়েছেন। এসব কারণে শুক্রবার কাজ শুরুর পরপর কিছু জট তৈরি হয়। একটা সময় পরিস্থিতি এতটা খারাপ  ছিল যে বাইপাসের উল্টোডাঙামুখী লেনে যানজট প্রায় সায়েন্স সিটি ছুঁয়ে ফেলে। ৪৫ মিনিটের মধ্যে ট্রাফিক পুলিশ পরিস্থিতি সামাল দেয়। 
উল্লেখ্য, দীর্ঘ ১৫ মাসের টানাপোড়েন, কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের দরজা পেরিয়ে শুক্রবার চিংড়িঘাটাতে শুক্রবার থেকে নিউ গড়িয়া-বিমানবন্দর রুটের অরেঞ্জ লাইনে ৩৬৬ মিটার অংশ জোড়ার কাজ শুরু হয়েছে। এই কাজ শেষ হলে নিউ গড়িয়া থেকে সল্টলেক আইটি সেন্টার পর্যন্ত মেট্রো পরিষেবা দেওয়া যাবে। ফলে সল্টলেক, নিউটাউনের বাসিন্দাদের পাশাপাশি তথ্যপ্রযুক্তি সেক্টরের হাজার হাজার অফিসযাত্রী উপকৃত হবেন। 
এদিকে, শনিবার দিনভর টানা রোদ থাকায় চিংড়িঘাটাতে কাজ এগিয়েছে কার্যত ঝড়ের গতিতে। তবে শনিবার হওয়ায় বাইপাসে যানবাহনের চাপও তুলনামূলক কম ছিল। তাই ট্রাফিক পুলিশকে যান নিয়ন্ত্রণ করতে তেমন বেগ পেতে হয়নি।  মেট্রোর কাজের জেরে যানজট। 

Advertisement
সম্পর্কিত সংবাদ