Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

বিহারে ছাত্রবিক্ষোভে গুলি: আজ লোকভবন অভিযানে লালুপ্রসাদ

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি বিহারও উত্তাল হয়েছিল ছাত্রবিক্ষোভে।

বিহারে ছাত্রবিক্ষোভে গুলি: আজ লোকভবন অভিযানে লালুপ্রসাদ
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পাটনা: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশের অন্যান্য প্রান্তের পাশাপাশি বিহারও উত্তাল হয়েছিল ছাত্রবিক্ষোভে। গত ২৫ জুলাই সিওয়ান জেলায় সেই বিক্ষোভকারীদের লক্ষ্য করে একে-৪৭ রাইফেল থেকে গুলি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে। যদিও রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) প্রতিষ্ঠাতা লালুপ্রসাদ যাদব মনে করেন, এই শাস্তি যথাযথ নয়। ছাত্রবিক্ষোভে পুলিশের গুলিচালনার প্রতিবাদে আজ, বুধবার বিহারে লোকভবন অভিযানের ডাক দিয়েছেন তিনি। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দাবিদাওয়া আদায়ে গণতান্ত্রিক আন্দোলনে যেভাবে একে-৪৭ থেকে গুলি চালানো হয়েছে, তাতে সরকারের স্বৈরাচারী মনোভাব প্রকট হয়েছে। এর প্রতিবাদেই লোকভবন অভিযান।’ এক্স হ্যান্ডলে লালুপ্রসাদ লিখেছেন, ‘নিট-ইউজির প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থার অবনতি এবং পক্ষপাতদুষ্ট নিয়োগ ব্যবস্থা এবং বেকারত্ব নিয়ে পড়ুয়া এবং যুবসমাজ ক্ষুব্ধ।’ 

Advertisement

এদিনই চাকরির পরীক্ষা নিয়ে বিহার সরকারের উপর চাপ বাড়িয়েছে বিক্ষোভকারীরা। চব্বিশ ঘণ্টার মধ্যে টিচার্স’ রিক্রুইটমেন্ট এগজামের চতুর্থ দফার (বিপিএসসি-টিআরই৪) বিজ্ঞপ্তি প্রকাশ না করলে রাজ্যের শিক্ষামন্ত্রীর বাসভবন ঘেরাও করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ পরীক্ষার নতুন নিয়ম, রাজ্য সিভিল সার্ভিস পরীক্ষা নিয়মিত নেওয়া সহ একগুচ্ছ দাবিতে পাটনার গর্দনিবাগে বিক্ষোভ দেখাচ্ছেন বহু ছাত্র-যুব। তাঁদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, ঘুষ দিয়ে চাকরিপ্রাপকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া, এক দফায় বিপিএসসি-টিআরই৪ পরীক্ষার ব্যবস্থা এবং পরীক্ষা মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। ছাত্রনেতা দিলীপ কুমার বলেন, তিনদিনের মধ্যে এই দাবিগুলি না মানা হলে অনির্দিষ্টকালের জন্য অনশনে বসবেন পড়ুয়ারা। ইতিমধ্যে বিক্ষোভকারীদের প্রতিনিধিরা উচ্চশিক্ষামন্ত্রী সঞ্জয় সিং টাইগার এবং অতিরিক্ত মুখ্যসচিব দীপক কুমারের সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরেছেন। তবে দাবিগুলি নিয়ে তাঁরা কোনো সদুত্তর দিতে পারেননি বলে জানিয়েছেন ছাত্রনেতা কুন্দন সিং। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ