Bartaman Logo
২০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ফিরহাদ? জোর জল্পনা

ফিরহাদ হাকিম পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হতে পারেন বলে জল্পনা চলছে। মমতার সঙ্গে দূরত্ব বেড়েছে ফিরহাদের। বিস্তারিত পড়ুন।

পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান ফিরহাদ? জোর জল্পনা
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারম্যান হতে পারেন বন্দরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিম। বিধানসভার কমিটিগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এই পিএসি। শুক্রবার থেকে জল্পনা শুরু হয়েছে, সেই কমিটির চেয়ারম্যান করা হতে পারে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদকে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বেড়েছে ফিরহাদের। তৃণমূল বিধায়কদের বিদ্রোহী ব্লকের নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করেছেন তিনি। ঋতব্রতর ঘরেই বসতে দেখা গিয়েছে ফিরহাদকে। এই অবস্থায় বিধানসভার অন্দরে চর্চা চলছে, নয়া পদ পেতে পারেন ফিরহাদ। তবে এখনও কিছু ঘোষণা হয়নি। বিধানসভায় বাজেট অধিবেশন চলছে। এরপরই বিধানসভার বিভিন্ন কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণা করা হতে পারে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পিএসি চেয়ারম্যান কে হবেন, এখনও আলোচনা হয়নি। এই অবস্থায় পালটা খোঁচা দিতে ছাড়েননি মমতাপন্থী তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেন, ‘ফিরহাদ হাকিম বিধানসভায় প্রবেশ করেই বাঁ দিকে ঋতব্রতর ঘরে ঢুকে যাচ্ছেন। ডানপন্থী ফিরহাদ কেমন যেন বামপন্থী হয়ে উঠছেন! এবার দেখা যাক উনি কী পদ পান!’ বর্ষীয়ান রাজনীতিবিদ ফিরহাদ এখন থেকে ঋতব্রত-শিবিরের প্রশিক্ষক। তিনি ঋতব্রত শিবিরে থাকা বিধায়কদের বিধানসভার রীতিনীতির বিশয়ে প্রশিক্ষণ দেবেন। এর আগে মানস ভুঁইয়া, মুকুল রায়, কৃষ্ণ কল্যাণী, সুমন কাঞ্জিলালদের পিএসি চেয়ারম্যান করা হয়েছিল। তাঁদের এই পদপ্রাপ্তি নিয়েও বিতর্ক হয়েছিল। 

Advertisement

অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিধানসভার বিরোধী দলনেতা করা নিয়ে মামলায় সিঙ্গল বেঞ্চ কোনো হস্তক্ষেপ করেনি। তাই এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন শোভনদেব চট্টোপাধ্যায়। শীঘ্রই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ