Bartaman Logo
৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাজের ফিরিস্তি দিয়ে বিদায় ফিরহাদের, জলপ্রকল্প থেকে নিকাশি পাম্পিং স্টেশন নির্মাণ

কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৮ বছর পর পদত্যাগ করলেন। তাঁর সময়ে জলপ্রকল্প ও নিকাশি পাম্পিং স্টেশন নির্মাণের কাজ হয়েছে। বিস্তারিত পড়ুন।

কাজের ফিরিস্তি দিয়ে বিদায় ফিরহাদের, জলপ্রকল্প থেকে নিকাশি পাম্পিং স্টেশন নির্মাণ
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৮ সালের ৩ ডিসেম্বর—শোভন চট্টোপাধ্যায় পুরসভার মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর এই পদে বসেন ফিরহাদ হাকিম। ৫ জুন, ২০২৬—মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ। মাঝে কেটে গিয়েছে প্রায় আট বছর। পুরসভায় সেই ‘ফিরহাদ-যুগ’ সমাপ্ত হল শুক্রবার! 

Advertisement

এর মধ্যে কোভিড-কালে, ২০২০ সালের ৮ জুন নির্বাচিত পুরবোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়। সেদিন থেকে ২০২১ সালের ২০ মার্চ পর্যন্ত, পরে আবার ওই বছরের ৪ জুন থেকে ২২ নভেম্বর পর্যন্ত ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’-এর চেয়ারম্যান ছিলেন ফিরহাদ। পুরভোটে জিতে এসে ২০২১ সালের ২৮ ডিসেম্বর থেকে ফের মেয়রের দায়িত্ব নেন ববি। চলতি বছর নভেম্বর-ডিসেম্বরেই পুর-নির্বাচন হওয়ার কথা। তার আগেই টানা প্রায় ৮ বছরের দায়িত্বভার সামলে ইস্তফা দিলেন ফিরহাদ।  
মেয়র হওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদকে বলেছিলেন, যাদবপুর, বেহালা সহ শহরের সংযুক্ত এলকায় পানীয় জলের সমস্যা মেটাতে হবে। মেয়র হিসাবে তিনি এক্ষেত্রে জোর দিয়েছিলেন। এদিন তাঁর সময়কালে উন্নয়নের ফিরিস্তিও দিয়েছেন ফিরহাদ। জানিয়েছেন, তাঁর সময়কালে ওয়াটগঞ্জের তক্তাঘাটে হয়েছে দিনে ১৫ মিলিয়ন গ্যালন জল উত্তোলনকরী জেটি। পানীয় জল সরবরাহ সুচারু করতে চালু হয়েছে ৩৬টি বুস্টার পাম্পিং স্টেশন। গড়িয়া ঢালাই ব্রিজে নতুন ওয়াটার স্ট্রিটমেন্ট প্লান্টের কাজ চলছে। ধাপা জলপ্রকল্পের সম্প্রসারণের কাজও হচ্ছে। দু’টি কাজই শেষ পর্যায়ে রয়েছে। আরও ৩৮টি বুস্টার পাম্পিং স্টেশনের কাজ চলছে শহরজুড়ে। পাশাপাশি, নবাব আলি পার্ক, কবিতীর্থ ও গল্ফগ্রিনে তৈরি হয়েছে নিকাশি পাম্পিং স্টেশন। হৃষিকেশ পার্ক, মিল্ক কলোনি, পামারবাজার ও নদার্ন পার্কে নতুন নিকাশি পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। এর বাইরেও কেইআইআইপি প্রকল্পে আলিপুর, মুকুন্দপুর, নয়াবাদ, জোকা, সোনারপুর, রানিয়া সহ মোট ১২টি নিকাশি পাম্পিং স্টেশন চালু হয়েছে। কাজ চলছে আরও আটটির। সেই সঙ্গে একাধিক জায়গায় নিকাশি ও জল সরবরাহের পাইপলাইন পাতা হয়েছে বস্তিতে তৈরি হয়েছে ‘বাংলার বাড়ি’র আওতায় আবাসন। 
এদিন ইস্তফা দেওয়ার আগে মেয়রের অফিসে বেশ কিছুক্ষণ কাটান ফিরহাদ। পুরভবন থেকে বেরিয়ে আসার আগে তাঁর পূর্বসূরিদের ছবিতে নতমস্তকে প্রণাম করেন। মেয়রের অফিসের কর্মীদের আবদার মেনে তোলেন গ্রুপ ফটোও। 

সম্পর্কিত সংবাদ