নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পানশালা, রেস্তরাঁ, ওয়্যারহাউস কিংবা অন্যান্য ব্যবসা চালাতে প্রয়োজনীয় ফায়ার সেফটি সার্টিফিকেট বা দমকলের এনওসি এবং লাইসেন্স একসঙ্গে যাতে দেওয়া যায়, সেই প্ল্যানিং চলছে। সোমবার, ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার কলকাতা চ্যাপ্টারের উদ্যোগে ফায়ার সেফটি কানেক্ট, ২০২৬-এ উপস্থিত থেকে এমন আশার বাণী শুনিয়েছেন দমকলের এডিজি অভিজিৎ পান্ডে। দুর্গাপুজোর আগে কলকাতা তথা গোটা রাজ্যে বিভিন্ন হোটেল-রেস্তরাঁ, শপিং মল সহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অগ্নিসুরক্ষা খতিয়ে দেখেছে দমকল। বহু জায়গাতেই বেনিয়ম ধরা পড়েছে বলে অভিযোগ। সেক্ষেত্রে সংশ্লিষ্ট মালিক পক্ষ কীভাবে তাঁদের ভুলত্রুটি সংশোধন করতে পারেন, কী কী নিয়ম-কানুন রয়েছে, সেইসব বুঝে নিতেই ধর্মতলায় একটি নামী রেস্তরাঁ চেইনে এই আলোচনাসভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন এনআরএআইয়ের কলকাতা চ্যাপ্টারের হেড পীয়ূষ কঙ্করিয়া, মণীশ শর্মা সহ বিভিন্ন রেস্তরাঁর মালিক।
বৈঠকে তাঁদের নানাবিধ প্রশ্ন, সমস্যার কথা তুলে ধরেন রেস্তরাঁ-কর্তারা। সেখানেই অভিজিৎবাবু জানান, শহরের বুকে বেশিরভাগ বিল্ডিংয়ের ক্ষেত্রে একটাই সমস্যা—সেগুলি ব্রিটিশ আমলের। বহুক্ষেত্রে বিল্ডিং প্ল্যান মেলে না। এই অবস্থায় দমকলের অনুমোদন পেতে আইবি বুকের কপি জমা করার পরামর্শ দিয়েছেন তিনি। সেটাও না-পাওয়া গেলে বর্তমানে বিল্ডিংয়ের একটা প্ল্যান আর্ক্টিটেক্টকে দিয়ে বানিয়ে পুরসভা থেকে অনুমোদন করে দমকলে জমা দেওয়া যেতে পারে। পীয়ূষ কঙ্করিয়া বলেন, এই বৈঠক জরুরি ছিল। আমাদের বহু প্রশ্নের উত্তর মিলেছে। আমরাও নাগরিক স্বার্থে অগ্নিসুরক্ষা বিধি সুনিশ্চিত করতে বদ্ধপরিকর।
নিয়ম রয়েছে, ২৫০০ বর্গফুট এলাকা এবং ৭০টা সিটের মধ্যে রেস্তরাঁ-পানশালা চললে, সেই বিল্ডিংয়ের কাগজপত্র যদি ঠিকঠাক না-থাকে, তাহলে এতদিন সেই ব্যবসায়ীকে ফায়ার দপ্তরের কাছে সেলফ ডিক্লারেশন দিয়ে এনওসি নিতে হয়। কিন্তু সেই ঊর্ধ্বসীমা বাড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে দমকলের। অর্থাৎ আড়াই হাজার বর্গফুটের বেশি জায়গায় ব্যবসার ক্ষেত্রেও সেলফ ডিক্লারেশন দেওয়া যাবে। পাশাপাশি ফায়ার এনওসি এবং লাইসেন্সও নিতে হবে। রাজ্য মন্ত্রিসভার অনুমোদন এবং দমকল আইনে সংশোধনী করে এই নিয়ম চালু হবে। আগামী অর্থবর্ষ থেকে এর সুবিধা পাবেন ব্যবসায়ীরা, আশাবাদী দমকল কর্তারা। মূলত ব্যবসার পথ আরও সহজ করতে নিয়ম-কানুনের ক্ষেত্রে এই শিথিলতা নিয়ে আসার ভাবনা রয়েছে।