Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

কলকাতা বিমানবন্দরের কাছে বাজেয়াপ্ত ট্রাক ভর্তি শব্দবাজি

চালানে লেখা ছিল, মেশিনের যন্ত্রাংশ নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু, ঢাকা খুলতেই বেরিয়ে এল ট্রাক ভর্তি শব্দবাজি! যা সবই নিষিদ্ধ চকোলেট বোমা! শুক্রবার ট্রাক ভর্তি ওই শব্দবাজি বাজেয়াপ্ত করল বিমানবন্দর থানার পুলিস।

কলকাতা বিমানবন্দরের কাছে বাজেয়াপ্ত ট্রাক ভর্তি শব্দবাজি
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: চালানে লেখা ছিল, মেশিনের যন্ত্রাংশ নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু, ঢাকা খুলতেই বেরিয়ে এল ট্রাক ভর্তি শব্দবাজি! যা সবই নিষিদ্ধ চকোলেট বোমা! শুক্রবার ট্রাক ভর্তি ওই শব্দবাজি বাজেয়াপ্ত করল বিমানবন্দর থানার পুলিস। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে কলকাতা এয়ারপোর্ট থানায় দমকল কর্মীদের ডেকে দ্রুত জল দিয়ে বাজিগুলি নিষ্ক্রিয় করা হয়। পুলিস জানিয়েছে, ট্রাকের ভিতরে ১০০ কার্টন শব্দবাজি ছিল।

Advertisement

পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই বাজি দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি থেকে তোলা হয়েছিল। সেখান থেকে অসমে পাঠানো হচ্ছিল। বিমানবন্দর এলাকায় ট্রাকটি যাওয়ার সময় পুলিস পেপার চেকিং করছিল। ভিতরে কী আছে, জানতে চাইলে চালক চালান দেখান। তাতে লেখা রয়েছে— মেশিনারি পার্টস। পুলিসের চোখে ধুলো দেওয়ার জন্য সামনের দিকে মেশিনের কিছু যন্ত্রাংশ রাখা হয়েছিল। সেগুলিই খুলে দেখিয়েছিল চালক। কিন্তু, সিল করা ১০০টি কার্টন দেখে পুলিসের সন্দেহ বাড়ে। জেরা করতেই সামনে আসে চকোলেট বোমা পাচারের কাহিনি। 
শব্দবাজি ভর্তি ট্রাক বিমানবন্দর থানায় নিয়ে এসেই দমকল কর্মীদের খবর দেওয়া হয়। কারণ, একেবারে পাশেই রয়েছে কলকাতা এয়ারপোর্ট। ১০০ কার্টন বাজি কোনওভাবে ফেটে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। সাবধানে প্রতিটি কার্টনের সিল খোলা হয়। তারপর এক ট্যাঙ্ক জল দিয়ে তা নিষ্ক্রিয় করেন দমকল কর্মীরা। পুলিস জানিয়েছে, কে বা কারা এত শব্দবাজি পাচার করছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এইগুলি সবই নিষিদ্ধ বাজি। সেই কারণেই যন্ত্রাংশের চালান বানানো হয়েছিল। হলদিয়ায় এই বাজির বর্জ্য ফেলা হবে। তার জন্য এদিনই আবেদনপত্র পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমতি পেলে এই বাজিগুলি সেখানে নিয়ে যাওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ