মুম্বই, ৩০ সেপ্টম্বর: ভোরের আলো না ফুটতেই দুর্ঘটনা মুম্বইয়ে। মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের প্যান্ট্রি কারে আগুন লাগাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল বুধবার ভোরে। তবে ঘটনায় কোনও যাত্রী বা রেলকর্মী আহত হননি বলেই খবর।
রেল সূত্রে জানা গিয়েছে, ভোর প্রায় ৩টে ৪০ মিনিট নাগাদ ১২২৬১ মুম্বই-হাওড়া দুরন্ত এক্সপ্রসের খালি রেকের প্যান্ট্রি কার থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন ভয়াবহ রূপ নেয়। দাউদাউ করে জ্বলতে থাকে ওই বগিটি। বিষয়টি নজরে আসতেই দ্রুত খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। দমকলের একটি দল প্রায় ভোর ৪টে নাগাদ ঘটনাস্থলে পৌঁছয়। এরপর দ্রুত আগুন নেভানোর কাজ শুরু করা হয়। দমকলকর্মীদের তৎপরতায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। ফলে আগুন অন্য কামরা বা ইয়ার্ডের আশপাশে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও এড়ানো সম্ভব হয়। ঘটনায় কোনও হতাহতের খবর না থাকলেও ট্রেনের প্যান্ট্রি কারটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। আগুনের উৎস কী ছিল, বৈদ্যুতিক কোনও ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল কি না, নাকি অন্য কোনও কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা একটি খালি রেকে আচমকা আগুন লাগার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তদন্তের রিপোর্ট সামনে আসার পরই আগুন লাগার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। গাফিলতি বা নিয়মবহির্ভূত কোনও কাজের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।