নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জগৎবল্লভপুরের বাকুল মনসাতলায় সোমবার সকালে একটি বন্ধ বাড়িতে আগুন লেগে আসবাবপত্র সহ অধিকাংশ জিনিসই পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান, ফ্রিজে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক পলাশ পাল সকালে বাড়িতে তালা দিয়ে বাইরে যান। কিছুক্ষণ পর বাড়ির ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখে প্রতিবেশীরা ছুটে আসেন। দমকল পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা গাছে জল দেওয়ার পাইপ ও বালতি করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগৎবল্লভপুর থানার পুলিশ। অগ্নিকাণ্ডের সময় বাড়িতে কেউ না থাকায় বড়ো ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুনে লক্ষাধিক টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান।



