ইসলামাবাদ: পাকিস্তানের রাজধানীতে এক হাসপাতালে মর্মান্তিক অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ১৪ সদ্যোজাতের। বুধবার সকাল ৭টা নাগাদ আচমকাই ইসলামাবাদের ‘পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স’-এর মহিলা ও শিশু বিভাগের তৃতীয় তলায় আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের সময় সেখানে ১৫টি শিশু ভরতি ছিল। তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এয়ার কন্ডিশনে ত্রুটির কারণেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। এসির কম্প্রেসারে বিস্ফোরণের জেরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে প্রশাসনের প্রাথমিক তদন্তে অনুমান। হাসপাতালের মুখপাত্র আনিজা জলিল জানান, মাত্র একটি শিশুকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ৬টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেন, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ওয়ার্ডে অক্সিজেন লাইন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।



