নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার ভোরে আগুন লাগল কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারে। ভোর পৌনে ৫টা নাগাদ ওই টাওয়ারের তিনতলার খোলা ছাদের একাংশে আগুনের ফুলকি দেখা যায়। তা অন্যত্র ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই। বিমানবন্দরের দমকল বিভাগ তিনটি ইঞ্জিন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ভোর ৬টা পর্যন্ত আগুন নেভনোর কাজ চলে। তবে বিমান পরিষেবায় কোনো প্রভাব পড়েনি। বিমানবন্দরের অধিকর্তা বিক্রম সিং জানান, এটিসি টাওয়ারের অষ্টমতলা থেকে বিমান পরিষেবার মূল কাজ পরিচালিত হয়। কাজ কিছুটা হয় চতুর্থতলা থেকেও। তিনতলার খোলা ছাদের আগুন থেকে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ব্যাহত হয়নি এটিসি এবং আবহাওয়া বিভাগের কাজ। তবে এর থেকে শিক্ষা নিয়ে আরও সতর্ক থাকতে হবে আমাদের।



