নয়াদিল্লি: যন্তরমন্তরে সিজেপির আন্দোলন চলাকালীন প্রধানমন্ত্রী সম্পর্কে কুকথা বলার অভিযোগ। এফআইআর দায়ের হয়েছিল নয়ডার কিশোরীর বিরুদ্ধে। পরে অবশ্য ক্ষমা চেয়ে নেয় সে। ক্ষমা করার বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। এনিয়ে কৃতজ্ঞতা জানিয়েছিলেন কিশোরীর মা। তিনি বলেছিলেন, ক্ষমা করে মেয়েকে নতুন জীবন দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তাও কাটেনি দুশ্চিন্তার মেঘ। জানা গিয়েছে, কিশোরীর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর এখনও প্রত্যাহার করা হয়নি।
এই বিষয়ে রবিবার ককরোচ জনতা পার্টির আইনজীবী রত্না সিং বলেন, ‘কিশোরীর মায়ের সঙ্গে কথা হয়েছে। তিনি গভীরভাবে মর্মাহত এবং ক্ষুব্ধ। মেয়েটি গোটা দেশের সামনে ভিডিয়ো বার্তায় ক্ষমা চেয়েছে। কিন্তু তাও এফআইআর প্রত্যাহার করা হয়নি। দুশ্চিন্তায় রয়েছেন কিশোরীর মা। কারণ একাধিক সংবাদমাধ্যম তাঁর পরিবারকে প্রশ্নের পর প্রশ্ন করে হেনস্তা করে চলেছে। চারদিকে মেয়ের ভিডিয়োও ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটুকুই বলতে চাই যে, সবসময় পাশে রয়েছে সিজেপি। এই কঠিন সময়ে ওকে সমস্ত রকম আইনি সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে।’ সিজেপির আইনজীবীর এহেন মন্তব্য সামনে আসতেই ফের চর্চা তুঙ্গে।
উল্লেখ্য, এর আগে সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কিশোরীর মা জানান, মেয়েকে ক্ষমা করে নতুন জীবন দান করেছেন প্রধানমন্ত্রী। এটা তাঁর মহানুভবতার পরিচয়। প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, দয়া করে এফআইআরটি তুলে নিন। যাতে মেয়েটি শান্তিতে থাকতে পারে।