Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ঘৃণা-ভাষণ মমতার নামে এফআইআর

কলকাতা পুলিশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ঘৃণা-ভাষণের এফআইআর দায়ের। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা। বিস্তারিত পড়ুন।

ঘৃণা-ভাষণ মমতার নামে এফআইআর
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার এফআইআর দায়ের হল প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে। বিধানসভা নির্বাচনের প্রচারপর্বে সভামঞ্চ থেকে ঘৃণা-ভাষণ, উসকানিমূলক মন্তব্য ও ভয় দেখানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর করল কলকাতা পুলিশ। নেতাজিনগরের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে নেতাজিনগর থানায় ‘জিরো এফআইআর’ করা হয়। পরে সেই মামলা হেয়ার স্ট্রিট থানাকে হস্তান্তর করা করে নেতাজিনগর থানা। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে পুলিশ ডেকে পাঠাতে পারে বলে লালবাজার সূত্রে খবর। 

Advertisement

বিধানসভা ভোটের প্রচারপর্বে কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের নাম না করেই কিছু মন্তব্য করেছিলেন তদানীন্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘আমরা আছি বলেই আপনারা সবাই ভালো আছেন! যদি আমরা না থাকি, কোনো দিন যদি সেরকম আসে... এক সেকেন্ড লাগবে। একটা কমিউনিটি যখন জোট বাঁধে, এক সেকেন্ডে দেবে একদম বারোটা বাজিয়ে। যদি নিজেদের তেরোটা বাজাতে না চান, বিজেপির অপপ্রচারে কেউ ভুল বুঝবেন না।’ নেতাজিনগর থানা এলাকার বাসিন্দা তুষারকান্তি দাস গত ২০ মে স্থানীয় থানায় মমতার এই বক্তব্য নিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, এই মন্তব্যের কারণে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে পারে। এই মন্তব্য ঘৃণা ছড়ায়। বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি বিঘ্নিত হতে পারে। সেই সঙ্গে রাজ্যের গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করতে পারে এই বক্তব্য। ‘সংবিধান বিরোধী’ এই মন্তব্য নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছে বলেও দাবি করেন তিনি। অভিযোগকারীর আরও দাবি, ভোটের ফল প্রকাশের পর কলকাতা সহ বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক  সংঘর্ষ ঘটেছে। তদানীন্তন মুখ্যমন্ত্রীর এই ধরনের মন্তব্যের জন্যই ঘটেছে ঘটনাগুলি। এই প্রেক্ষিতে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান তিনি। অভিযোগের ভিত্তিতে নেতাজিনগর থানা প্রথমে উসকানিমূলক বক্তব্য, ঘৃণা-ভাষণ, ভয় দেখানোসহ একাধিক ধারায় মামলা রুজু করে। মমতা যেখানে ওই ভাষণ দিয়েছিলেন, সেই জায়গাটি হেয়ার স্ট্রিট থানা এলাকার মধ্যে পড়ে। তাই  আদালতের মাধ্যমে এফআইআরের কপি পাঠিয়ে দেওয়া হয় হেয়ার স্ট্রিট থানাকে। তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর ওই বক্তব্যের ভিডিয়ো সংগ্রহ করে তা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ