নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমনই অভিযোগ আনল কলকাতা পুলিশ। পুলিশের বক্তব্য, শুক্রবার ক্যাথিড্রাল রোডে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচির জন্য সভাস্থলের পরিসর ও সময়সীমা সংক্রান্ত বিধিনিষেধ আরোপ করেছিল কলকাতা হাইকোর্ট। তা লঙ্ঘন করা হয়েছে। শনিবার হেস্টিংস থানায় মমতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। কলকাতা হাইকোর্ট সভার অনুমতি দেওয়ার সময় জানিয়েছিল, রাস্তার একটি অংশ যান চলাচলের জন্য খুলে রাখতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে হবে সভা। সেইমতো সভাস্থলের পাশে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রেখেছিল কলকাতা পুলিশ। কিন্তু মমতার বক্তব্য শুনতে উৎগ্রীব জনতার ভিড় গার্ড রেল টপকে চলে আসে মঞ্চের একেবারে সামনে। ফলে ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। লালবাজারের দাবি, জনতাকে মঞ্চের কাছে চলে আসার জন্য ইন্ধন দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী স্বয়ং। এতে হাইকোর্টের নির্দেশ লঙ্ঘিত হয়েছে। একইসঙ্গে পুলিশের অভিযোগ, আদালতের বেঁধে দেওয়া সময়সীমাও মানা হয়নি।



