Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

যত্রতত্র পানের পিক, থুতু ফেললে জরিমানা

যত্রতত্র পানের পিক, থুতু ফেললে জরিমানা
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: হাসপাতালে নোংরা, থুতু, পানের পিক ফেললে জরিমানা করুন। সোমবার মাদারিহাট গ্রামীণ হাসপাতাল পরিদর্শন করে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ ঋত্বিক সরকারকে এই নির্দেশ দিয়েছেন এলাকার বিজেপি বিধায়ক লক্ষ্মণ লিম্বু। এদিন বিধায়কের নেতৃত্বে হাসপাতাল চত্বরে থাকা আবর্জনা সাফাই অভিযানে শামিল হন বিজেপির কর্মী সমর্থকরা। বিধায়ক নিজেও সাফাই অভিযানে হাত লাগান। 

Advertisement

পরিদর্শনের পর বিধায়ক বলেন, কোনোভাবেই হাসপাতাল, স্টেশন, রাস্তাঘাটে যেখানে সেখানে বর্জ্য, থুতু বা পানের পিক ফেলা যাবে না। এটা আমাদের সরকারের কড়া নির্দেশ। তারপরেও কেউ হাসপাতাল নোংরা করলে তারজন্য আইন অনুসারে কর্তৃপক্ষকে জরিমানা করার নির্দেশ দিয়েছি। 
২০১৪ সালে মাদারিহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গ্রামীণ হাসপাতালে উন্নীত হয়। কিন্তু নামেই গ্রামীণ হাসপাতাল। এখানে গ্রামীণ হাসপাতালের পরিকাঠামোই নেই। স্ত্রীরোগ ও শিশুরোগ বিশেষজ্ঞ নেই। যা নিয়ে লোকজনের মধ্যে অসন্তোষ রয়েছে। অন্যদিকে, ব্লক সদর মাদারিহাট থেকে ২২ কিমি দূরে ভুটানের তাদিং পাহাড়ের কোলে টোটোপাড়া। সেই টোটোপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বর্তমানে কোনো চিকিৎসকই নেই। একজন ফার্মাসিস্ট ও তিনজন নার্স দিয়ে চলছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটি। দু’টি হাসপাতালের এই বেহাল পরিষেবা নিয়ে প্রশ্ন করা হলে বিধায়ক লক্ষ্মণ লিম্বু বলেন, টোটোপাড়া ও মাদারিহাট গ্রামীণ হাসপাতালের অপ্রতুল চিকিৎসক নিয়েও বিএমওএইচের সঙ্গে কথা হয়েছে। বিএমওএইচ’কে জানিয়েছি দু’টি হাসপাতালের জন্য যা যা দরকার তা রাজ্যকে জানাবেন। আমি মন্ত্রীকে বলে সব ব্যবস্থা করার চেষ্টা করব। 
এদিকে, বিধায়ক নির্দেশ দেওয়ার পরেই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার হাসপাতালের রোগীকল্যাণ সমিতির মিটিং রয়েছে। সেখানে হাসপাতালের সমস্যা নিয়ে যাবতীয় আলোচনা হবে। থুতু, পানের পিক ফেলার জন্য জরিমানার রশিদও ছাপানো হচ্ছে। জরিমানার অঙ্ক ধার্য করা হয়েছে ১০০ টাকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ