Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

মাঝপথে যাত্রী তুললেই ফাইন, জোকা দুর্ঘটনায় কড়া পুলিশ

স্টপেজ নয়। কিন্তু, যাত্রীর হাত দেখলেই টিকিটের লোভে মাঝপথে আচমকা দাঁড়িয়ে পড়ে বাস। বেশিরভাগ ক্ষেত্রে সেই যাত্রী তুলতে মাঝরাস্তা থেকে হঠাৎ বাঁদিকে সরে আসে বাস।

মাঝপথে যাত্রী তুললেই ফাইন, জোকা দুর্ঘটনায় কড়া পুলিশ
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: স্টপেজ নয়। কিন্তু, যাত্রীর হাত দেখলেই টিকিটের লোভে মাঝপথে আচমকা দাঁড়িয়ে পড়ে বাস। বেশিরভাগ ক্ষেত্রে সেই যাত্রী তুলতে মাঝরাস্তা থেকে হঠাৎ বাঁদিকে সরে আসে বাস। বাসচালকদের এই প্রবণতা রুখতে শহর জুড়ে জরিমানার নির্দেশ রয়েছে। কিন্তু, বাস্তবে এই প্রবণতা ছাড়তে পারেন না চালকরা। তার খেসারত দিতে হয় পথচারী, বাইক-স্কুটার চালক ও আরোহীদের। এমনই উদাহরণের সাক্ষী কলকাতা পুলিশের আওতাধীন ডায়মন্ডহারবার রোড। 

Advertisement

ট্রাফিক বিভাগের তথ্য বলছে, গত ৩ বছরে ডায়মন্ডহারবার রোডে দুর্ঘটনার বলি হয়েছেন ১২ জন নাগরিক। তার মধ্যে ১১ জনের মৃত্যু হয়েছে বেহালা চৌরাস্তা ক্রসিং থেকে জোকা পর্যন্ত অংশে। মাত্র ৪ কিলোমিটারের মধ্যে দুর্ঘটনার জেরে এত প্রাণহানি এর আগে শহরের আরও কোনো রাস্তায় হয়নি। দুর্ঘটনার পরিসংখ্যান বিশ্লেষণ করে পুলিশ দেখেছে, ৫ জনের মৃত্যু হয়েছে বাসের চাকায় পিষ্ট হয়ে। মৃতদের মধ্যে ৩ জন পথচারী। বাকিদের মধ্যে একজন ছিলেন স্কুটারে, অপরজন গাড়ির ভিতর। ৩ পথচারী ও স্কুটারচালকের দুর্ঘটনার ধরন বিশ্লেষণ করে লালবাজারের ট্রাফিক বিভাগ জানতে পেরেছে, সবকটি ক্ষেত্রেই বাস চালকের বেপরোয়াভাব দুর্ঘটনার নেপথ্যে। দু’টি ক্ষেত্রে বাসচালক আচমকা রাস্তার বাঁদিকে সরে আসেন মাঝপথ থেকে যাত্রী তুলতে। তার জেরে ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি ৩এ বাস স্ট্যান্ডের কাছে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় স্কুটার চালক রূপা মণ্ডলের। প্রায় একইভাবে ২০২৫ সালের ৩০ মে চৌরাস্তা ও জনকল্যাণ ক্রসিংয়ের মাঝ বরাবর ডায়মন্ডহারবার রোডে বাসের ধাক্কায় প্রাণ হারান প্রবীণ পথচারী অশোক বর্মন (৬৭)। 
দুর্ঘটনার খতিয়ান থেকে শিক্ষা নেয় লালবাজার। এদিন ডায়মন্ডহারবার রোডে পথ নিরাপত্তা সপ্তাহে সচেতনতা প্রচারের উদ্দেশ্যে যান স্বয়ং কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) রূপেশ কুমার। বাসচালকদের সঙ্গে কথা বলেন ট্রাফিক কর্তা। বাহিনীকে তাঁর সাফ নির্দেশ, ডায়মন্ডহারবার রোডে মাঝপথ থেকে যাত্রী তুললেই ক্ষমাহীনভাবে জরিমানা করতে হবে বাসকে। পথচারী ও দ্বিচক্র যান চালকদের নিরাপত্তার জেরেই নির্দেশ বলে পুলিশ সূত্রে খবর। যদিও কড়া নির্দেশের আগে বাসচালকদের সহনশীলভাবে বোঝান ট্রাফিক কর্তা। জোকা ইএসআই ও বেহালা চৌরাস্তায় মোড়ে দাঁড়িয়ে বাস ও পণ্যবাহী চালকদের বেপরোয়াভাব কাটানোর জন্য সাবধান করেন রূপেশ কুমার। তাঁর বার্তা, যাত্রী তোলা ও নামানোর সময় ধৈর্যশীল হতে হবে চালকদের। সব যাত্রী নিরাপদে না উঠলে বা নামলে, কোনোভাবেই বাস যাতে গতি না ধরে সেদিকে নজর রাখতে হবে চালককে।

সম্পর্কিত সংবাদ