নয়াদিল্লি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। হু-র দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান ছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ভুয়ো শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র দাখিল এবং বাংলাদেশে বেআইনিভাবে জমি দখলের অভিযোগ উঠেছে। বুধবার হু প্রধান ট্রেড্রোস আধানম গ্রেবিয়েসাসের কাছে পদত্যাগ পত্র পাঠিয়েছেন সায়মা। পদত্যাগপত্রে তিনি হু-র নেতৃত্বের প্রতি আস্থা হারানোর পাশাপাশি অসহনীয় আর্থিক সংকটের কথা উল্লেখ করেছেন। হু সূত্রে খবর, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হু-র আঞ্চলিক অধিকর্তা হিসাবে নিযুক্ত হন সায়মা। ওই বছরের আগস্টে তাঁর মা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন। এরপর সায়মার বিরুদ্ধে তদন্ত শুরু করে তৎকালীন ইউনুস সরকার ও বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং রাষ্ট্রসংঘের তদন্তকারীরা। এরপর ২০২৫ সালে জুলাই মাসে সায়মাকে বেতনহীন ছুটিতে পাঠিয়ে দেয় হু। অভিযোগ, চীন সফরে গিয়ে হাসিনা-কন্যা দুর্নীতি করেছিলেন। পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য দেন। একটি জমিও অধিগ্রহণের অভিযোগ ওঠে। পদত্যাগপত্রে এসব অভিযোগ খারিজ করেন সায়মা। তাঁর দাবি, হু-র পদে বাসার আগে জমিটি তিনি অধিগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবরের সদস্যদের জন্য আইনের আওতায় জমিটি তিনি পেয়েছিলেন। পদত্যাগপত্রে হাসিনা-কন্যা লিখেছেন, ‘আমি এই অঞ্চলের দেশগুলির সেবা করার উদ্দেশ্যেই ওই পদে বসেছিলাম। সততার সঙ্গেই সেই দায়িত্ব পালন করেছি। কিন্তু আমাকে দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে। হু-র নেতৃত্বের উপর আমি সমস্ত বিশ্বাস ও আস্থা হারিয়েছি।’



