Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রকল্পের দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আর্থিক ক্ষমতা বাড়ল দপ্তরগুলির

রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পের আর্থিক ক্ষমতা বৃদ্ধি করেছে নবান্ন। সাতটি দপ্তরকে ৩ কোটি টাকা পর্যন্ত অনুমোদন। বিস্তারিত পড়ুন।

প্রকল্পের দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে আর্থিক ক্ষমতা বাড়ল দপ্তরগুলির
  • ৬ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও পরিকাঠামো নির্মাণের কাজ দ্রুততার সঙ্গে করতে প্রশাসনিক দপ্তরগুলির আর্থিক ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করল নবান্ন। রাজ্যের সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থদপ্তরের অডিট শাখা। তাতে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, কোন দপ্তর অর্থদপ্তরের আগাম অনুমোদন ছাড়া সর্বোচ্চ পরিমাণ কত টাকা খরচ করতে পারবে। 

Advertisement

প্রশাসনিক অনুমোদন এবং আর্থিক মঞ্জুরি প্রদানের ক্ষেত্রে বিভিন্ন দপ্তরের ক্ষমতা পুনর্বিবেচনা করে নতুন সীমা নির্ধারণ করা হয়েছে। এর ফলে প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের ক্ষেত্রে দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া অনেকটাই কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। নতুন নির্দেশিকা অনুযায়ী, সাতটি দপ্তরকে সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত আর্থিক অনুমোদনের ক্ষমতা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে পূর্ত, সেচ, জনস্বাস্থ্য কারিগরি, জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন, পুর ও নগরোন্নয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। এক কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারবে উত্তরবঙ্গ উন্নয়ন, পশ্চিমাঞ্চল উন্নয়ন এবং সুন্দরবন বিষয়ক দপ্তর। বাকি দপ্তরগুলির আর্থিক ক্ষমতা বাড়িয়ে করা হয়েছে ৭৫ লক্ষ টাকা। আগে দপ্তরগুলির আর্থিক ক্ষমতা সীমাবদ্ধ ছিল ৫০ লক্ষ থেকে এক কোটির মধ্যে।
একইসঙ্গে অর্থদপ্তর স্পষ্ট করেছে দিয়েছে, সংশ্লিষ্ট দপ্তরগুলিকে তাদের নিজস্ব বাজেট বরাদ্দের মধ্যে থেকেই প্রশাসনিক ও আর্থিক অনুমোদন দিতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরের অর্থ উপদেষ্টার সম্মতি নিয়ে এই অনুমোদন প্রদান করতে হবে। আধিকারিকদের মতে, এই সিদ্ধান্তের ফলে উন্নয়নমূলক প্রকল্প, অবকাঠামো নির্মাণ, পানীয় জল, স্বাস্থ্য, সেচ, নগরোন্নয়ন এবং গ্রামোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অনুমোদন দ্রুত সম্পন্ন হবে। কমবে প্রশাসনিক জটিলতা। প্রকল্প বাস্তবায়নের গতিও বাড়বে।

Advertisement
সম্পর্কিত সংবাদ